পালপাড়ার শিল্পীদের দুর্দিন, কষ্টে এক শ পরিবার

মৃৎশিল্পের কদর কমে যাওয়ায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পালপাড়ার প্রায় এক শ কারিগর পরিবার-পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছেন। অভাব-অনটন তাঁদের নিত্যসঙ্গী। এ কারণে অনেকেই বাপ-দাদার এ পেশা ছেড়ে চলে যাচ্ছেন।
পদ্ম রানী পাল বলেন, এ পাড়ায় প্রায় ৯০-৯৫টি পরিবার মাটির বাসনকোসন তৈরির কাজ করে। দিন দিন এ পেশা থেকে অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছেন।
পালপাড়ার মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র পাল বলেন, ‘মাটির বাসনকোসনের আর আগের মতো চাহিদা নেই। এখন অল্প বাসনকোসনসহ মাটি দিয়ে শিশুদের জন্য নানা রকমের খেলনা—পুতুল, হাতি, ঘোড়া, বাঘ, পাখি, হরিণ, ফুল, ফুলের টব, ফলমূল তৈরি করি। এভাবে কষ্ট করে জীবিকা চলছে।’
সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কের পূর্ব পাশে পালপাড়া অবস্থিত। সম্প্রতি সেখানে গিয়ে জানা যায়, মৃৎশিল্পের কারিগরেরা এঁটেল মাটি দিয়ে বাসনকোসন তৈরি করেন। এ জন্য তাঁরা পৌষ-মাঘ মাসে মাটি সংগ্রহ করেন। মাটি অন্যের জমি থেকে কিনে আনতে হয়। প্রতি হাজার মাটি এক হাজার দুই শ থেকে এক হাজার তিন শ টাকা দাম। এই মাটি ছেনে চাকার ঘূর্ণনে তৈরি হয় বাসনকোসন, খেলনাপাতি।
বিধবা মৃৎশিল্পী মালতি রানী পাল বলেন, ‘অন্যের জমির মাটি দিয়ে কাজ করি। এ কারণে তাঁরা অর্ধেক বাসনকোসন নিয়ে যান। তিন মেয়ে নিয়ে কষ্টে আছি।’
চায়না রানী পাল বলেন, ‘মৃৎশিল্পের কাজ করে আটজনের খাওন খরচ চালাতে হয়। বছরের ছয় মাস মাটির বাসনপত্র বিক্রি করে চলি। আমি তৈরি করি, স্বামী গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে।’
শ্যামলা রানী পাল বলেন, ‘বয়সের ভারে এখন আর কাজ করতে পারি না। এক বেলা যদি খাইতে পাই, আরেক বেলা উপোস থাকতে হয়। সরকারি সাহায্য-সহযোগিতা পাইলে এ পেশা ধরে রাখতে পারব।’
জানতে চাইলে রূপালী ব্যাংকের তারাকান্দি শাখার ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, পালপাড়ার মৃৎশিল্পের গরিব পরিবারগুলোকে ক্ষুদ্র ঋণ দিয়ে সচ্ছলতা ফিরিয়ে আনা যেতে পারে।
পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন বলেন, মৃৎশিল্পকে ধরে রাখতে পাল পরিবারগুলোকে সরকারিভাবে সহযোগিতা করতে হবে।
এ বিষয়ে ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী প্রথম আলোকে বলেন, পালপাড়ায় খোঁজখবর নিয়ে মৃৎশিল্প ধরে রাখতে পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।