পালপাড়ায় 'মাটির লগে শরীর পোড়ানো' ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর চৈত্রের প্রখর রোদ। পালবাড়ির উঠানে ছড়ানো মাটির তৈরি খেলনা, ঘর সাজানোর নানা জিনিস আর তৈজসপত্র। রোদে কাঁচা মাটি শুকাচ্ছে। মাটি টন টন হওয়ার আগেই এগুলো উঠছে লাকড়ির চুলায়। রোদ আর আগুনের তাপে মাটি পুড়ছে। সেই সঙ্গে ঘাম ঝরছে পালবাড়ির লোকজনের। নারী-পুরুষ সবাই ব্যস্ত।
এই চিত্র ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর পাড়ের ভাদুঘর গ্রামের পালপাড়ার। ঘাম ঝরিয়ে তৈরি করা এই মাটির খেলনা ও ঘর সাজানোর সামগ্রী উঠবে পয়লা বৈশাখের মেলায়। এসব সামগ্রী কিনে মানুষ ছোট শিশুদের মন ভরাবেন। নতুন সাজে সাজবে ঘর।
গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ওই পাড়ার নীল মণি পালের বাড়িতে গিয়ে দেখা যায়, কেউ কেউ মাটি প্রস্তুত করছে, অন্যরা মাটি দিচ্ছে সাজে। তৈরি হচ্ছে মাটির নানা জিনিস। কাঁচা খেলনা আর তৈজস রোদে শুকানো হচ্ছে বাড়ির উঠান আর ঘাটে। রোদে এক পিঠ শুকালে উল্টে দিতে হচ্ছে। এর মাঝে আকাশ মেঘলা হতেই পাড়াজুড়ে বেড়ে যায় ব্যস্ততা।
পাল সম্প্রদায়ের মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংগ্রহ করা আঠালো (এঁটেল) মাটিতে পানি ঢেলে সঙ্গে কিছু বালু মেশানো হয়। পরে কয়েকজন মিলে তা পা দিয়ে মাড়িয়ে তৈরি করা হয় মাটির মণ্ড। অন্যরা ওই মাটি সাজে লাগিয়ে তৈরি করে খেলনা। এ পাড়ায় কাজ চলে কাকডাকা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত।
এলাকার অনেকে জানান, ভাদুঘরে তৈরি এসব মাটির খেলনা সড়ক ও নৌপথে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। পালপাড়ার কুমার বাড়িতে প্রতিটি বড় খেলনা বিক্রি হয় ৪০ টাকায়। মাঝারিগুলো ২৫ থেকে ৩০ ও ছোটগুলো ১৫ থেকে ২০ টাকায়। মেলায় এই খেলনা বিক্রি হয় যথাক্রমে ১০০, ৮০ ও ৫০ টাকায়।
ওই পাড়ার হরিমন পালের (৯০) সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘এখন কী কমু। দেখতাছেন না দম ফালাইতে পারতাছি না। অর্ডার আছে, শনিবারের মইধ্যেই সব দিতে হইব। মাটির অভাব তাই এইবার দেরি হইছে।’ লাভ কেমন হয়—জানতে চাইলেই এই বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, ‘বাপ-দাদার পেশা। অন্য কাম জানি না বইল্লা এখনো মাটির লগে শরীরডারে পুড়াই। এই কামে টেহা (টাকা) কম হইলেও মনের শান্তিটা অনেক। তাই করি।’
অরুণ কুমারের ছোট ছেলে অরূপ পাল স্নাতক (সমঞ্চান) তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বলেন, তাঁর বাবা শেষ বয়স পর্যন্ত এই শিল্পের চর্চা করতে চান। তিনিও এ পেশায় ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন। কিন্তু তিনি ও তাঁর ছোট বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাচ্ছেন বাবা। বৈশাখের সময় চাহিদা বেশি থাকায় বাবার কাজে সহায়তা করছেন। অরূপ বলেন, এই শিল্প টিকিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসতে হবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়া হলে একসময় শিক্ষিতরাও এই পেশায় আসবে।