পালরদী নদীর ভাঙনে ২০টি বাড়ি বিলীন
আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীর উৎপত্তিস্থল বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ এলাকায় ব্যাপক ভাঙনে এক সপ্তাহে ২০টি পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে। সরিকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন জানান, কিছুক্ষণ পরপর নদীর পাড়ের বাড়িগুলো ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আতঙ্কে নদীর তীরবর্তী বাড়ির মালিকেরা তাঁদের ঘর ভেঙে ও গাছপালা কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। পূর্ব হোসনাবাদ গ্রামের রং মিস্ত্রি শাহজাহান খলিফা (৪৫) বলেন, ‘কয়েক দিন আগেও মোর সবই ছিল। এখন মোর কিছুই নাই। কয়েক দিনের বৃষ্টি ও নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে মোর ৭৬ শতক সম্পত্তিসহ বাড়িঘর নদীর পেটে গেছে। এখন সর্বস্ব হারিয়ে মুই স্ত্রী-পরিজন নিয়ে আরেকজনের জায়গায় খুপরি ঘর বানিয়্যা আছি।’প্রায় একই ধরনের কথা বলেন একই গ্রামের সাত্তার খান, জব্বার বেপারী, ছাত্তার বেপারী ও মফছের বেপারীর। গ্রামের অনেকেই ভাঙনের আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। পূর্ব হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রহিমা বেগম বলেন, নদী ভাঙতে ভাঙতে স্কুলের কাছে পৌঁছে গেছে। যেকোনো মুহূর্তে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নদীভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।