পালা করে ঘুমায় শিশু রোগীরা
কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের রোগীদের ভোগান্তি আরও বেড়ে গেছে। হাসপাতালে ঠান্ডাজনিত রোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ায় এক বিছানায় তিন থেকে চারজন শিশুকে পালা করে ঘুমাতে হচ্ছে।
অনেকেই আবার এখানে সুষ্ঠু চিকিৎসা ও পরিবেশ না পেয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে।
সরেজমিনে গত শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ডে প্রতি শয্যায় তিন থেকে চারজন শিশু ভর্তি রয়েছে। শিশুদের পালা করে ঘুমাতে হচ্ছে। শয্যায় থাকার সময় পেরিয়ে গেলে বাকি সময়টা মায়ের কোলেই কাটাতে হচ্ছে তাদের। এ অবস্থায় শিশু রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার পর্যন্ত ২০ শয্যার এ ওয়ার্ডে ভর্তি রয়েছে ৮৬ শিশু। এ ছাড়া নবজাতক ওয়ার্ডে ১০ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ৪১। এই অবস্থা দেখে অনেক অভিভাবক হাসপাতালে তাঁদের অসুস্থ শিশুদের এনেও আবার ফেরত নিয়ে যাচ্ছেন। যাঁদের সামর্থ্য আছে তাঁরা বেসরকারি হাসপাতালে ভর্তি করছেন অসুস্থ সন্তানকে।
কিশোরগঞ্জের চৌদ্দশত গ্রামের ঝুমা আক্তার জানান, তিন দিন আগে ছেলেকে এখানে ভর্তি করেন। এক বিছানায় চারজনকে জায়গা দেওয়া হয়েছে। তাই পালা করে শিশুদের বিছানায় ঘুমাতে হচ্ছে। গরিব মানুষ। আর কোথাও যে বাচ্চার চিকিৎসার জন্য নিয়ে যাবেন, তাও পারছেন না।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সুজিত দাস বলেন, ‘বহিরাগত রোগীদের কথা বাদই দিলাম। ভর্তি হওয়া ৭০ থেকে ৮০টি শিশু রোগী সামাল দিতেই আমাদের প্রতিদিন হিমশিম খেতে হয়।’
স্টাফ নার্স হামিদা খাতুন জানান, শিশু ওয়ার্ডে অন্তত ছয়জন নার্সের প্রয়োজন হলেও আছে মাত্র একজন। এ অবস্থায় হিমশিম খাওয়া ছাড়া উপায় নেই।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘শিশু ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ। শিশুদের বিষয়টি স্পর্শকাতর হলেও বাস্তবে আমাদের কিছু করার নেই।’