
হাসপাতালের শিশু বিভাগ। ফটকের মুখে স্বজনদের ভিড়। ভেতরের ওয়ার্ড ও বারান্দায় গিজগিজ করছে মানুষ। বারান্দায় পাতা কয়েকটি শয্যা। ওয়ার্ড ও বারান্দার প্রতিটি বিছানায় বসা দুই থেকে তিনজন নারী। তাঁদের কোলে বা পাশে শিশু রোগী।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের গতকাল রোববার দুপুর ১২টার চিত্র এটি। হাসপাতালের ১৮ শয্যার ওয়ার্ডটিতে তখন ভর্তি আছে ১৩৭ শিশু রোগী। শয্যা বিছানার সংকুলান না হওয়ায় একই শয্যায় দুই থেকে তিনজন শিশুকে রাখার পাশাপাশি মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু রোগীকে। এতে এক বিছানায় দুই থেকে তিনজন শিশু রোগীকে পালা করে ঘুমাতে হচ্ছে।
দুপুরে সরেজমিনে দেখা যায়, শিশু ওয়ার্ড ও বারান্দায় শিশু রোগী ও তাদের আত্মীয়স্বজনের ভিড়ে গিজগিজ করছে। প্রতি বিছানায় দুই-তিনজন শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো কোনো বিছানায় রয়েছে আরও বেশি শিশু রোগী। অনেকে বিছানা না পেয়ে মেঝেতে বিছানা পেতে শিশুর চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের কান্না ও অভিভাবকদের চিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের বারান্দার বিছানায় দুটি শিশুর সঙ্গে নিজের ছেলেকে রেখে চিকিৎসা করাচ্ছেন সদর উপজেলার পদমপুর গ্রামের শফিউল ইসলাম। তিনি বলেন, ‘গত শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত ছেলেকে হাসপাতালে ভর্তি করি। এখানে এসে দেখি বিছানা খালি নেই। প্রতিটি বিছানায় দুই থেকে তিনজনকে জায়গা দেওয়া হয়েছে। প্রথম রাত বারান্দায় কাটানোর পর অনুরোধ করে এই বিছানায় জায়গা নিয়েছি।’
ওই বিছানায় বসে থাকা পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের আলকা রানী বলেন, দিনের বেলা এদিক-ওদিক গিয়ে সময় কেটে যায়। কিন্তু রাতে সমস্যায় পড়তে হয়। জায়গা না থাকায় শিশুদের নিয়ে পালা করে বিছানায় ঘুমাতে হচ্ছে। বিছানায় থাকার সময় পার হয়ে গেলে বাকি সময়টা কোলেই রাখতে হয়।
পঞ্চগড়ের আটোয়ারির রাধানগর গ্রামের সুজাতা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। কোথাও বাচ্চাকে চিকিৎসার জন্য নিয়েও যেতে পারছি না।’
বালিয়াডাঙ্গীর মধুপুর গ্রামের জোগেশ নাথ বৃহস্পতিবার সন্ধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত নয় মাসের ছেলেকে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, দুই দিন ধরে হাসপাতালের বারান্দায় থেকে ছেলের চিকিৎসা নিতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল ১৮ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ১৩৭ শিশু। তাদের মধ্যে ৬৯ জন ডায়রিয়া, ২২ জন নিউমোনিয়া ও ৪৬ জন অন্যান্য শিশু রোগী।
নবজাতক ও শিশু বিভাগের চিকিৎসক শাহজাহান নেওয়াজ বলেন, ‘হাসপাতালে প্রতিদিন শয্যার অতিরিক্ত কয়েক গুণ শিশু রোগী নানা সমস্যা নিয়ে ভর্তি হয়। ভর্তি হওয়া রোগীদের সামাল দিতে আমাদের প্রতিদিন হিমশিম খেতে হয়। রোগীর তুলনায় শয্যা কম হওয়ায় একই শয্যায় কয়েকজন শিশু রোগীকে রাখতে হচ্ছে।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খয়রুল কবির বলেন, ‘শিশুদের বিষয়টা খুব স্পর্শকাতর। এক বিছানায় তিনজন, এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের কিছুই করার নেই। হাসপাতালের সব ওয়ার্ডেই প্রতিদিন ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়। হাসপাতালটি কাগজে-কলমে ২৫০ শয্যার হলেও ১০০ শয্যার হাসপাতালের সুবিধা নেই। অতিরিক্ত রোগীদের তাই শয্যায় গাদাগাদি করে ও মেঝেতে থেকে চিকিৎসাসেবা নিতে হচ্ছে।’