পালাটানা থেকে বিদ্যুৎ আসছে আগামী মাসেই
বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক খতিয়ে দেখতে নয়াদিল্লিতে শেষ হলো বাংলাদেশ ও ভারতের যুগ্ম ওয়ার্কিং গ্রুপ ও স্টিয়ারিং কমিটির বৈঠক। বৈঠক শেষে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদ কায়কাউস গতকাল শনিবার বলেন, সব ঠিক থাকলে আগামী মাস থেকেই ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা প্রকল্প থেকে বাংলাদেশ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে।
বিদ্যুতের ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে দুই দেশই বছরে অন্তত দুবার বৈঠক করে। এবার সেই বৈঠক হয় গত শুক্রবার। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম। ভারতের নেতৃত্বে ছিলেন বিদ্যুৎসচিব জে পি অরোরা।
আহমদ কায়কাউস বলেন, বাংলাদেশে ২০২০ সালে বিদ্যুতের চাহিদা বেড়ে হবে ২১ হাজার মেগাওয়াট। তিনি বলেন, বহরমপুর-ভেড়ামারা থেকে এখন বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। আগামী তিন বছরের মধ্যে এই এলাকা থেকেই আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত দেবে। বর্তমানে গ্রিড উন্নয়নের কাজ চলছে।
ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশকে বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে চাইছেন। ভারতও সহযোগিতার হাত বাড়িয়েছে। যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি নিয়েও আলোচনা চলছে। বাগেরহাটের রামপালে যে বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে, তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে পরিবেশের ওপর। সূত্রটি জানায়, রামপাল নিয়ে শঙ্কার কারণ নেই। এ নিয়ে বিতর্কের অবসান হওয়া দরকার।