পালাটানা থেকে বিদ্যুৎ কিনতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরার পালাটানার নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে হলে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশকেই আলোচনার উদ্যোগ নিতে হবে। কারণ, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মনমোহন সিংয়ের সরকার। গতকাল মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন ত্রিপুরার সফররত মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে সড়ক, নৌ ও রেলপথের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি টেলিযোগাযোগ সম্প্রসারণের ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের জন্য আয়োজিত সম্মাননা গ্রহণ করতে তিনি গতকাল সকালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় আসেন। ত্রিপুরা থেকে বাংলাদেশের বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে অগ্রগতি জানতে চাইলে মানিক সরকার বলেন, ‘বাংলাদেশকে বিদ্যুৎ দিতে আমাদের (ত্রিপুরা) আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ সরকারকে বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’ত্রিপুরার পালাটানায় গ্যাসভিত্তিক ওই বিদ্যুৎকেন্দ্রের পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ায় তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রের ওই সব যন্ত্রপাতি অনেক দূর থেকে সমুদ্র ও নৌপথে নিতে হতো। বাংলাদেশ সরকার আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের সুযোগ না দিলে আমরা এতটা সহজে ও স্বল্পতম সময়ে ওই সব পণ্য পরিবহন করতে পারতাম না। এ জন্য ভারতবাসী ও ত্রিপুরার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ প্রসঙ্গত, ত্রিপুরার পালাটানায় ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ভারী পণ্য পরিবহন করা হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে। একটি পৃথক সমঝোতা চুক্তির আওতায় এ পণ্য পরিবহন করা হয়। এ জন্য বাংলাদেশকে কোনো মাশুল দেওয়া হয়নি, শুধু কিছু অস্থায়ী অবকাঠামো তৈরির টাকা দিয়েছে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ নির্মাতা প্রতিষ্ঠান ওটিপিসি (ওএনজিসি ত্রিপুরা পাওয়ার করপোরেশন)। তিস্তার পানি বণ্টন প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘বিষয়টি অন্য একটি রাজ্যের অন্তর্গত। সে বিষয়ে আমার মতামত দেওয়া ঠিক নয়।’ সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশে উপস্থিত থাকাকালীন ঘটনা স্মরণ করে মানিক সরকার বলেন, ‘আমি যতটুকু জানি, কেন্দ্রীয় সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে এ বিষয়ে সমাধানের একটি প্রক্রিয়া চলছে।’সীমান্ত হত্যা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে মানিক সরকার বলেন, সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণের জন্য যারা দায়িত্বে আছে, তাদের অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা উচিত। কোনো ক্ষেত্রেই জীবনহানি কারও কাম্য হতে পারে না।