পালাতে গিয়ে গাড়িচাপায় সন্দেহভাজন আসামি নিহত!
গাজীপুরের শ্রীপুরে র্যাবের গাড়ি থেকে লাফিয়ে নেমে পালাতে গিয়ে অন্য একটি গাড়ির চাপায় সন্দেহভাজন এক আসামি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভাষ্যমতে, আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রাসেল (২০)। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। বাড়ি উপজেলার গাড়ারন এলাকায়।
র্যাব-১–এর উপসহকারী পরিচালক (ডিএডি) অপূর্ব কুমার চক্রবর্তীর ভাষ্য, শ্রীপুরের বরমী এলাকা থেকে গত ফেব্রুয়ারিতে এক নারী নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর বোন শ্রীপুর থানায় একটি জিডি করেন। তিনি র্যাব-১–এর কাছেও অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে রাসেলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাসেল বলেন, তিনি ও তাঁর কয়েকজন বন্ধু মিলে ওই নারীকে ধর্ষণ করে হত্যার পর লাশ গুম করেছেন।
ডিএডি অপূর্ব দাবি করেন, ওই নারীর লাশ উদ্ধার এবং অন্যদের গ্রেপ্তারে রাসেলকে সঙ্গে নিয়ে অভিযানে নামে র্যাব। পথে র্যাবের গাড়ির পেছন দিক দিয়ে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন রাসেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় নিহত হন তিনি। ট্রাক নিয়ে চালক পালিয়েছেন।
র্যাব জানায়, নিহত রাসেলের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।