পালাতে গিয়ে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরযাত্রী হয়ে বিয়েতে যাওয়ার সময় শ্রমিকদের হামলার মুখে সাঁতরে পালাতে গিয়ে মধুমতী নদীতে ডুবে মামুন মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেছে।মামুন গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের জাফর মোল্লার ছেলে। সে একই উপজেলার জালালাবাদ ইউনিয়নের খন্দকার সিরাজুল ইসলাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান আলী জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কালনা ফেরিঘাটে বাস পারাপার নিয়ে বরযাত্রীদের সঙ্গে ঘাটশ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে চার তরুণ নদীতে ঝাঁপ দিয়ে কাশিয়ানীর শংকরপাশা ঘাটে আসার চেষ্টা করে। তিনজন শংকরপাশা ঘাটে আসতে পারলেও মামুন নিখোঁজ ছিল। গতকাল স্থানীয় লোকজন মধুমতী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।