পালানো সাবেক এসআইকে কারাগারে পাঠালেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের হাজতখানা থেকে পালানো রাজধানীর কাফরুল থানার সাবেক উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম পাটোয়ারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে তাঁকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। এরপর বিকেলে তাঁকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্র বলেছে, পুলিশ হেফাজতে নির্যাতনে ব্যবসায়ী ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তিন আসামির একজন রেজাউল। ঢাকার বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে গতকাল রোববার সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রেজাউলসহ এই মামলার তিন আসামি কাফরুল থানার সাবেক উপপরিদর্শক নুরুজ্জামান এবং পুলিশের তথ্যদাতা (সোর্স) রতন বাবু। আদালত তিনজনেরই জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত তাঁদের বিরুদ্ধে হাজতি পরোয়ানাও জারি করেন। পরে তাঁদের আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তবে বিকেলে আসামিদের কারাগারে পাঠানোর সময় পুলিশ বুঝতে পারে, এক আসামি (রেজাউল) নেই।
পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। আজ সে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালত সূত্র বলেছে, গতকাল এই হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

সূত্র বলেছে, আসামি রেজাউল করিমসহ তিনজনের বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারির পর তাঁদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পুলিশের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেজাউল কৌশলে বেরিয়ে পালিয়ে গেছেন।

আরও পড়ুন..