পালানোর সময় ট্রাক উল্টে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার গোহাইলবাড়ী গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে গরু লুট করে পালানোর সময় ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে এক দল ডাকাত ট্রাক নিয়ে ওই গ্রামে প্রবেশ করে অস্ত্রের মুখে বিভিন্ন বাড়ি থেকে গরু লুট করে ট্রাকে তুলতে থাকে। এলাকাবাসী চিৎকার করলে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে ডাকাতেরা দ্রুতগতিতে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। ট্রাকটি ওই গ্রামের শেষ প্রান্তে হাকিমপুর তিনমাথা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহীনুর রহমান (৪০) নামে এক ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। নিহত ডাকাত শাহীনের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সদরে।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় আন্তজেলা ডাকাত দলের একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে ট্রাকটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালাতে সক্ষম হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।