পালাবদলের চাপে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গত রোববার থেকে প্রথমবারের মতো পাঠদানে দুই পালা (ডাবল শিফট) চালু করা হয়েছে। দুই পালা চালুর প্রথম দিনেই শিক্ষার্থীদের পালাবদল নিয়ে অভিভাবকদের চাপের মুখে পড়েছে বিদ্যালয় দুটির কর্তৃপক্ষ।অভিভাবকদের দীর্ঘদিনের দাবির মুখে সম্প্রতি বিদ্যালয় দুটিতে দুই পালা চালু হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬ মার্চ লটারির মাধ্যমে বিদ্যালয় দুটিতে শিক্ষার্থীদের পালা নির্ধারণ করা হয়। উভয় বিদ্যালয়ে গত রোববার থেকে প্রভাতি ও দিবা শাখা নামে দুই পালা চালু হয়।দুই পালা চালুর প্রথম দিনে শিক্ষার্থীদের পালাবদলের দাবি নিয়ে বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকদের কক্ষে অনেক অভিভাবক ভিড় করেন। চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর প্রভাতি শাখার শিক্ষার্থী সাদিয়া আফরিনের মা তাঁর মেয়েকে দিবা শাখায় রাখার দাবি জানান। ভিজে স্কুলের শামসুল আলম নামের এক অভিভাবকের দাবি, চতুর্থ শ্রেণীতে পড়ুয়া তাঁর ছেলেকে প্রভাতি শাখায় রাখা দরকার। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন জানান, প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছে। অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম সাময়িক পরীক্ষার পর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নিয়ে এ ব্যাপারে জানানো হবে। একই কথা জানান ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান। তিনি বলেন, যেহেতু বিষয়টি চুয়াডাঙ্গায় একেবারেই নতুন, তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। তবে উভয় প্রধান শিক্ষক দুই পালার অনুকূলে বরাদ্দ ২৪ জন করে শিক্ষক দ্রুত পদায়নের দাবি জানিয়েছেন।