পালিত হয়েছে দেশটাকে পরিষ্কার করি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ডাস্টবিনের সংখ্যা ও এর ব্যবহার বাড়ানো, রক্ষণাবেক্ষণে সচেতনতা এবং গণসম্পৃক্ততা নিশ্চিত করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন পরিবর্তন চাই। ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়।
গত শনিবার সকালে মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশে তৃতীয়বারের মতো এ দিবস পালন করছে সামাজিক সংগঠন পরিবর্তন চাই। দিনটি উপলক্ষে ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ জায়গা পরিষ্কার করেছেন সংগঠনটির প্রায় ১ লাখ ১০ হাজার তরুণ স্বেচ্ছাসেবী।
সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পরিচ্ছন্ন থাকতে হবে কেবল কোনো বিশেষ দিনে নয়, প্রতিদিনই। কেবল কোনো বিশেষ রাস্তায় নয়, সব জায়গায়। তবু সবার সামনে একটু প্রতীক থাকতে হয়। ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ হলো তেমনই একটি প্রতীক। এ প্রতীককে সামনে রেখে সবাইকে আবর্জনা নিজ নিজ দায়িত্বে কেবল ডাস্টবিনে ফেলার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে স্থপতি মোবাশ্বের হোসেন, পরিবর্তন চাই-এর সভাপতি ফিদা হক, পর্বতারোহী নিশাত মজুমদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।