পালিত হয়েছে নূর হোসেন দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন এবং সামাজিক সংগঠন গতকাল রোববার শহীদ নূর হোসেন দিবস পালন করে। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগ নেতা নূর হোসেন নিহত হন ১৯৮৭ সালের ১০ নভেম্বর। ওই দিন নূর হোসেন ছাড়াও যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল এবং বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন।
নূর হোসেন ও টিটোর স্মরণে গতকাল রাজধানীর নূর হোসেন স্কয়ারে সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় ধারা দেশের গণতন্ত্রকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন, দেশবাসী যখন নূর হোসেন, টিটোসহ শহীদদের স্মরণ করছে, তখন স্বৈরাচারী এরশাদ গণতন্ত্র সম্পর্কে দেশবাসীকে ছবক দিচ্ছে। আওয়ামী লীগ-বিএনপির নীতিহীন রাজনীতিই এরশাদকে দেশবাসীর সঙ্গে এই নির্মম রসিকতা করার সুযোগ করে দিয়েছে।
সকালে নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ ও সভার আয়োজন করে শহীদ নূর হোসেন সংসদ। সংগঠনের সভাপতি তসলিম আহমেদের সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সভায় আরও বক্তব্য দেন শহীদ নূর হোসেনের বড় ভাই আলী হোসেন, এনামুল হক প্রমুখ।
দিবসটি উপলক্ষে সকালে নূর হোসেন স্কয়ারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) ও বাংলাদেশ যুব ন্যাপ।