পালিত হলো বিশ্ব নাট্য দিবস
‘আমার বাবা নাটক পছন্দ করতেন না। অথচ নাটকের শিক্ষাগুলো তিনিই দিয়েছেন।’ বিশ্ব নাট্য দিবসের স্মারক বক্তৃতা দিচ্ছিলেন ফেরদৌসী মজুমদার। একে একে নানা ঘটনার উদাহরণ দিয়ে বললেন, উচ্চারণ, পর্যবেক্ষণ, মড্যুলেশন, দম ব্যাপারগুলো কীভাবে বাবা শিখিয়েছেন। আর তাঁর মা শিখিয়েছেন ভদ্রতা, আচরণ। তিনি ভালো মানুষ হতে বলতেন। নাটকে এগুলো খুব গুরুত্বপূর্ণ।
২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, শিল্পকলা একাডেমী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পাঠ করা হয় এবারের নাট্য দিবসের আন্তর্জাতিক বাণী। প্রতিবছর আইটিআইয়ের একজন বিশিষ্টজনকে এটি দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। এ বছর বাণী দিয়েছেন পোল্যান্ডের খ্যাতিমান নাট্যনির্দেশক ক্রিস্তফ্ ওয়ারলিকাস্কি। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন আইটিআই বাংলাদেশের সাবেক সভাপতি আতাউর রহমান, আইটিআই বাংলাদেশের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।
পরে বিশ্ব নাট্য দিবস সম্মাননা তুলে দেওয়া হয় সংস্কৃতিমন্ত্রী, নাট্যজন আসাদুজ্জামান নূরের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। সভাপতি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
আলোচনা শেষে কুষ্টিয়ার লালন গবেষণা ও চর্চাকেন্দ্র পরিবেশন করেন লালনের গান।