পালিয়ে আসার সময় এক ভারতীয় ও ১৯ বাংলাদেশি আটক
ভারতের একটি হোম থেকে পালিয়ে বাংলাদেশে আসার পথে এক ভারতীয় ও ১৯ বাংলাদেশি শিশু-কিশোরকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক ব্যক্তিদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্প সূত্র জানায়, দুই বছর আগে এসব বাংলাদেশি শিশু-কিশোর বিভিন্ন দালালের প্রলোভনে কাজের সন্ধানে ভারতে যায়। সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলে তাদের আদালতের মাধ্যমে বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে হাটখোলা সীমান্তের ২৮১/১০ সাব সীমানা পিলার-সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ফিরোজ আহম্মেদ বলেন, এটি পুশব্যাক নয়, অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাদের আটক করা হয়েছে। তাঁরা ভারতের একটি হোম থেকে পালিয়ে এসেছে বলে শুনেছি।
গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় মুঠোফোনে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) দীলিপ বিশ্বাস ও বালুরঘাট চাইল্ড লাইন স্পারের কো-অর্ডিনেটর সুরজ দাশ প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে শুভায়ন অবজারভেশন হোমের পশ্চিম পাশের দেয়াল ড্রিল মেশিন দিয়ে ফুটো করে বেরিয়ে আসে। এরপর তারা নিরাপত্তাপ্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে ২০ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় শিশু-কিশোর রয়েছে।