পালিয়ে আসা শিশুদের চোখেমুখে ভীতি

তারা চার ভাইবোন। খুরশিদা, জয়নাব, খালেদ ও হারুন। তাদের বয়স সাড়ে তিন থেকে ছয় বছরের মধ্যে। এই শিশুদের ঠাঁই হয়েছে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তরপাড়া গ্রামের একটি বাড়িতে। ছোট্ট নৌকায় করে নাফ নদী আর সাগর পেরিয়ে মা-বাবার সঙ্গে গতকাল বুধবার ভোরে মিয়ানমারে রাখাইন রাজ্যের মংনিপাড়া থেকে তারা ঢুকেছে টেকনাফে।
চার শিশুর বাবা নুরুল আমিন পেশায় কৃষক। মা জাহেদা বেগম গৃহিণী। গতকাল সকালে কথা হয় নুরুল আমিনের সঙ্গে। তিনি বলেন, রাখাইনে শিশুরা নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। অবস্থা এমন হয়েছে, জুতা, প্যান্ট-শাট পরা কোনো লোক দেখলে ‘মিলিটারি’ আসছে বলে চিৎকার শুরু করে তাঁর বাচ্চারা।
গত দুই সপ্তাহে সীমান্ত দিয়ে ঢোকা রোহিঙ্গাদের মধ্যে ৭০ ভাগই শিশু বলে জানান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ও সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন। তাঁরা প্রথম আলোকে বলেন, যেসব শিশু এসেছে, তারা ক্লান্ত ও ভীত। আবার কিছু কিছু শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত।
নুরুল আমিনের ভাই আবদুস শুক্কুরের পরিবারেরও আশ্রয় জুটেছে একই বাড়িতে। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে এসেছেন তিনি। আবদুস শুক্কুর বলেন, গত বুধবার তাঁদের পাশের গ্রাম দংখালিতে মিয়ানমারের সেনাসদস্যরা ঢোকে। শতাধিক নারী, শিশু ও বৃদ্ধদের গ্রামের একটি খোলা জায়গায় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে শিশুরা কাঁদতে থাকায় তিনজনকে (তিন থেকে পাঁচ বছর বয়সী শিশু) পায়ে ধরে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে এবং কয়েকজনকে সিগারেটের আগুন দিয়ে শরীর পুড়িয়ে দেয়। এসব সহ্য করতে না পেরে তারা জন্মভূমি ফেলে বাংলাদেশে পালিয়ে এসেছেন।

গতকাল বিকেলে টেকনাফ পুরোনো বাসস্টেশন এলাকায় আবু ছিদ্দিক মাকের্টের খোলা জায়গায় তিন শতাধিক রোহিঙ্গা জড়ো হয়। এর মধ্যে ২ মাস থেকে ১০ বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৫০। সেখানে কথা হয় রোহিঙ্গা নারী ফাতেমা বেগমের সঙ্গে। তাঁর কোলে ক্ষুধার্ত শিশু আলেয়া। বয়স তিন বছর। তিনি বলেন, পাঁচ দিন ধরে না খেয়ে বনে লুকিয়ে ছিলেন। শুধু পানি খেয়ে দিন পার করেছেন।
টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কয়েক দিন ধরে সীমান্তে অপেক্ষার পর টেকনাফে ঢুকতে পারছে রোহিঙ্গারা। যে কারণে শিশুরা রোগাক্রান্ত হয়ে পড়েছে।
উখিয়ার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে গত দুই সপ্তাহে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা ২৫ হাজারের মতো হবে বলে জানান এই শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন। তিনি বলেন, বেশির ভাগ শিশু কোনো না কোনো শারীরিক সমস্যায় ভুগছে।
সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা শিশুদের চোখেমুখে আতঙ্ক রয়েছে বলে জানান টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। তিনি প্রথম আলোকে বলেন, শিশুদের মানবিক সহায়তাসহ চিকিৎসা দেওয়া হচ্ছে।