পালিয়ে গেলেন বর
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কোমড়পাড়া গ্রামে গত রোববার রাতে একটি বাল্যবিবাহ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে কনেসহ বিয়ের আসর থেকে পালান বর। পরে বর ও কনের অভিভাবকদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
বরের নাম আমিন ব্যাপারী (১৮)। তিনি আলীপুর ইউনিয়নের পাঁচথুবি গ্রামের আবদুল গফুর ব্যাপারীর ছোট ছেলে এবং চলচ্চিত্রের একজন নায়কের ছোট ভাই (সৎভাই)। গ্রামবাসীর অনেকে জানান, আমিনের সঙ্গে পাশের গ্রামের অষ্টম শ্রেণীপড়ুয়া এক ছাত্রীর (১৪) প্রেম ছিল। গত শনিবার রাতে দুজনকে একসঙ্গে পাওয়া যায়। ওই দিনই বিয়ে ঠিক করে দুজনের পরিবার ও গ্রামের লোকজন। রোববার রাত পৌনে নয়টার দিকে বর আসার পর কনের বাড়িতে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
ঠিক ওই সময় ভ্রাম্যমাণ আদালত আসছে খবর পেয়ে বর, কনেসহ বিয়ে বাড়ির লোকজন দৌড়ে পালিয়ে যান। পরে বাড়িতে কনের মা ও বরের ভাই আলামিন ব্যাপারীকে উপস্থিত করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকির হোসেন উভয় পরিবারকে এক হাজার টাকা করে জরিমানা করেন।