পালিয়ে থাকতে পারলেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের প্রেমের পাট চুকিয়ে প্রেমিক চেয়েছিলেন সরে যেতে। একপর্যায়ে সরেও গিয়েছিলেন। কিন্তু প্রেমিকা নাছোড়, এত সহজে তাঁকে ছাড়বেন না। কোনো উপায় না দেখে বিষয়টি জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানান। শেষ পর্যন্ত সফল ওই মেয়েটি। প্রশাসনের সহায়তায় গত মঙ্গলবার কিশোরগঞ্জের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে হয়। এতে প্রশাসনের কর্মকর্তা ও দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। প্রশাসন, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রেমিকা কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা। উচ্চমাধ্যমিক পাস করে ২০০৭ সালের শেষ দিকে নরসিংদীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি যোগ দেন। এ সময় সহকর্মী মিঠামইনের বাসিন্দা এক যুবকের সঙ্গে তাঁর প্রেম হয়। একপর্যায়ে প্রেমিক চাকরি ছেড়ে নিজ গ্রামে গিয়ে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে থাকেন। প্রেমিকা তাঁর খোঁজ রাখলেও দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে হতাশ হয়ে প্রেমিকা বিষয়টির সমাধানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে ধরনা দেন। প্রাথমিক তদন্তে কর্মকর্তারা ঘটনার সত্যতা পেলেও এর কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে প্রেমিকা জানতে পারেন, ওই যুবক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষা দিতে তাঁকে জেলা প্রশাসনের কার্যালয়ে আসতে হবে। বিষয়টি তিনি জেলা পরিষদ সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও নির্বাহী হাকিম আয়শা আক্তারকে জানান। গত সোমবার যুবক মৌখিক পরীক্ষা দিতে কিশোরগঞ্জ শহরে আসেন। পরীক্ষার পর প্রেমিকার সহায়তায় কর্মকর্তারা তাঁকে আটক করেন। জিজ্ঞাসাবাদে যুবক ওই তরুণীর সঙ্গে প্রেম ও সম্পর্কের কথা স্বীকার করেন। পরে তিনি ওই তরুণীকে বিয়ে করতেও রাজি হন। মঙ্গলবার রাতে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. আসাদুল্লাহর ওকালতিতে তিন লাখ টাকা দেনমোহরে ওই প্রেমিক-প্রেমিকার বিয়ে হয়। এতে প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ জেলা পরিষদের সচিব শাহনওয়াজ দিলরুবা খান বলেন, ‘মানবিক কাজটি করতে পেরে আমি আনন্দিত। প্রেমের সম্ভাব্য ভয়ংকর পরিণতি থেকে মেয়েটিকে রক্ষা করতে পেরেছি।’ নির্বাহী হাকিম আয়শা আক্তার বলেন, ‘বিয়ের মাধ্যমে প্রেমের সুন্দর পরিণতিতে খুশি হয়েছি।’ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. আসাদুল্লাহ বলেন, ‘এমন একটি ভালো কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আজ (বুধবার) সকালে বর-কনের হাসিমুখ দেখে খুব ভালো লেগেছে।’ কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ‘এমন শুভ কাজে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত।’