পালিয়ে বেড়াচ্ছে মেয়েটি
অভাবের তাড়নায় পড়ালেখা ছেড়ে সাভার এসে একটি পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন সুমি আক্তার (২২)। তাঁকে সহায়তা করেছিলেন সুমন হাওলাদার নামের এক প্রতিবেশী। কিন্তু সেই সুমনের কারণেই সুমি এখন চাকরি ছেড়ে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।জানা গেছে, বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তর সাতবাড়িয়া গ্রামের হাকিম হাওলাদারের মেয়ে সুমি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়তেন। ২০০৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। দারিদ্র্যের কারণে ফরম পূরণ করতে না পারায় পড়ালেখা বন্ধ হয়ে যায়। এরপর সুমন হাওলাদারের মাধ্যমে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানায় চাকরি নেন। সুমন ডিইপিজেডে কাজ করেন।সুুমি অভিযোগ করেন, চাকরি পাওয়ার কিছুদিন পর কর্মস্থলে যাওয়া-আসার পথে সুমন তাঁকে বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু সুমন বিবাহিত হওয়ায় তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন নানাভাবে তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। সুমনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বারবার তিনি কর্মস্থল ও বাড়ি পরিবর্তন করেছেন। তাতেও লাভ হয়নি। অবশেষে চাকরি ছেড়ে সাভারে বড় বোনের বাসায় আশ্রয় নেন। সেখানে গিয়েও উত্ত্যক্ত করতেন সুমন। এরপর অনেকটা নিরুপায় হয়ে বছর তিনেক আগে সুমনকে বিয়ে করতে রাজি হন সুমি। তাঁর বড় বোন তানিয়া বলেন, ‘বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ওর (সুমি) বিয়েতে আমি ও আমার স্বামী অমত করিনি।’সুমি জানান, বিয়ের দিনক্ষণ ঠিক না করেই সুমন কিছু কাগজপত্র নিয়ে একদিন তাঁর বোনের বাসায় হাজির হন। ওই কাগজে তাঁর সই নিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করার কথা বলে চলে যান। এর কয়েক দিন পর তাঁকে নিয়ে আশুলিয়ার বগাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় তোলেন। তখন থেকে তাঁরা আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থেকেছেন। বছর খানেক আগে তিনি মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলে সুমন খেপে যান। এতে সুমির সন্দেহ হয়। তিনি বিয়ের কাগজপত্র দেখতে চান। কিন্তু সুমন দেখাতে পারেননি। এ নিয়ে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এর পর থেকে সুমন নানা অজুহাতে তাঁর ওপর দৈহিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। গত ২৫ মে মারপিট করে তাঁকে ডেন্ডাবরের ভাড়া বাসা থেকে বের করে দেন। এমনকি তাঁকে সাভারছাড়া করতে নানা চাপ ও ভয়ভীতি দেখিয়ে চলেছেন সুমন। এ কারণে সুমি আপাতত গা-ঢাকা দিয়ে আছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সুমন ডিইপিজেডের কাস্টমস অফিসে কর্মকর্তাদের ফুটফরমাশ খাটেন। পাশাপাশি তিনি ঝুট কাপড়ের ব্যবসা করেন।সুমি আরও অভিযোগ করেন, এ ব্যাপারে তিনি আশুলিয়া থানায় যোগাযোগ করেন। থানার এক উপপরিদর্শক (এসআই) লিখিত অভিযোগ নিয়ে সুমনকে থানায় ধরে এনে আবার ছেড়ে দেন। গত ২৭ জুন তিনি একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন। তিনিও মামলা না নিয়ে বিদায় করে দেন সুমিকে।যোগাযোগ করা হলে সুমন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেয়েটির চরিত্র ভালো না। আমাকে ফাঁসানোর জন্যই এসব নাটক সাজিয়েছে।’মামলা না নেওয়ার কারণ জানতে চাইলে ওসি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির অতীত ইতিহাস ভালো না। পুলিশের একজন পদস্থ কর্মকর্তা এমন ধারণা দেওয়ার পর আমার পক্ষে মামলা নেওয়া সম্ভব নয়।’তবে সুমি-সুমন ডেন্ডাবারের বাতানটেকে একটি বাড়িতে (ফারুক হোসেনের) ভাড়া থাকতেন। তাঁদের প্রতিবেশী আশরাফ বলেন, ‘সুমন প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। সুমিকে আমরা ভালো বলেই জানি।’