বরগুনার পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব ও পৌরসভার সাতজন কাউন্সিলর স্থানীয় প্রশাসনের কাছে তাঁদের জীবনের নিরাপত্তা চেয়েছেন। গতকাল সোমবার বরগুনা প্রেসক্লাবে তাঁরা এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে মেয়র ও কাউন্সিলররা অভিযোগ করেন, মেয়র সরকারিভাবে বিদেশ সফর করায় তাঁকে স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাংসদকে অতিথি না করায় সাংসদের অনুগত দুই কাউন্সিলর ও তাঁদের বাহিনী ক্ষিপ্ত হয়ে তাঁদের (সংবাদ সম্মেলনে উপস্থিত মেয়র ও কাউন্সিলররা) প্রাণনাশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাংসদ গোলাম সবুর এসব সন্ত্রাসীর মদদ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে মেয়র, কাউন্সিলর আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান খান, আবদুল করিম, আবদুস সালাম, কামরুল হুদা, ফাতেমা বেগম, ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। তবে সাংসদ গোলাম সবুর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব থাকলে তা মেয়র নিরসন করবেন। মেয়র যদি সেটা করতে না পারেন, তার দায়ভার আমার ওপর চাপানো উচিত নয়।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘মেয়র আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।’্রসংবাদ সম্মেলনে মেয়র লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘কাউন্সিলর কাজী আবদুল মালেক ও মোজাম্মেল হক সন্ত্রাসীদের নিয়ে পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান খান, আবদুল করিম, আবদুস সালাম, আবুল কালাম আজাদ ও কামরুল হুদাকে প্রায়ই প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অব্যাহত হুমকির কারণে চারজন কাউন্সিলর পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেও কোনো ফল পাচ্ছি না। ইতিমধ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মোজাম্মেল হকের বিরুদ্ধে পাথরঘাটা উপজেলা আমলি আদালতে গত ২৮ ডিসেম্বর পৃথক চারটি মামলা করেছেন পালিয়ে বেড়ানো কাউন্সিলর মাহাবুবুর রহমান খান, আবুল কালাম আজাদ, আবদুল করিম ও আবদুস সালাম। মামলার জের ধরে গত বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যায় কাউন্সিলর আবদুস সালামের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। ওই দিন রাতেই চার কাউন্সিলরের বাড়িতে মোজাম্মেল হকের সন্ত্রাসীরা হানা দেয়। এরপর থেকে ওই চারজন কাউন্সিলর নিরাপত্তার অভাবে পালিয়ে বেড়াচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।’কাউন্সিলর আবদুস সালাম অভিযোগ করেন, ‘মেয়র সরকারি সফরে বিদেশে যাওয়ায় আমি পৌর শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়ায় সাংসদ-সমর্থিত কাউন্সিলর মোজাম্মেল হক ক্ষিপ্ত হয়ে আমাকে তাঁর বাহিনী দিয়ে কয়েকবার মারধরের চেষ্টা করেন।’ এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে কাউন্সিলর কাজী আবদুল মালেককে পাওয়া যায়নি। অভিযোগ প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, ‘পাথরঘাটা পৌরসভার মেয়রকে বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর সরকারি সফরে বিদেশ যাওয়ার জন্য সব ধরনের সাহায্য করেছেন। সেখানে জামায়াত-বিএনপির কাউন্সিলররা সাংসদকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য তাঁকে বাদ দিয়ে পৌর মেয়রকে সংবর্ধনা দেওয়ায় আমি বাধা দিই। আর এ জন্য চারজন কাউন্সিলর উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মামলা করেন। তবে কাউন্সিলররা কী কারণে পালিয়ে বেড়াচ্ছেন তা আমি জানি না।’ পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দে বলেন, কাউন্সিলররা তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়ে থানাকে অবহিত করেননি। তবে আবদুস সালাম নামের একজন কাউন্সিলর একটি সাধারণ ডায়েরি করেছেন। সেটি তদন্ত করে দেখা হচ্ছে।