পালিয়ে বেড়াচ্ছেন চার শীর্ষ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় গত বুধবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে দুটি মামলা হয়। দুই মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় চার নেতা আসামি। বর্তমানে তাঁরা কুমিল্লাছাড়া। দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না হওয়া, অছাত্র, বিবাহিত ও একাধিক সন্তানের জনকদের কমিটিতে রাখার কারণে নেতৃত্বে শূন্যতা দেখা দিয়েছে।দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৭ জুলাই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নয় সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার সময় বলা হয়, ২০১০ সালের ১১ আগস্টের মধ্যে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। কিন্তু গত ২২ মাসেও ওই কমিটি গঠন করা হয়নি। যে কারণে পদপ্রত্যাশী দলীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সংগঠনও হয়ে পড়ছে নিয়ন্ত্রণহীন।তথ্যানুসন্ধানে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী, জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা গত বুধবারের সংঘর্ষের ঘটনায় মামলার আসামি হয়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন।কমিটির তিন সহসভাপতির মধ্যে আমিরুল পাশা সিদ্দিকী যুক্তরাষ্ট্রে, মোস্তফা কামাল নিষ্ক্রিয় ও খলিলুর রহমান আদর্শ সদর উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক পদে অধিষ্ঠিত। দুই যুগ্ম সম্পাদকের একজন কাজী বিল্লাল হোসেন কানাডায় চলে যান। মাঠে তৎপর আরেক যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ। অর্থাৎ জেলা ছাত্রদলের নয় সদস্যবিশিষ্ট কমিটির আটজনই বর্তমানে কুমিল্লায় নেই। দলীয় সূত্রমতে, দেশে অবস্থান করা সাতজনের মধ্যে বর্তমানে দুটি পক্ষ রয়েছে। এর মধ্যে সভাপতি উৎবাতুল বারী, সহসভাপতি খলিলুর রহমান ও মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার একটি পক্ষে। তাঁরা সবাই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারী। অন্য পক্ষে আছেন জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা। তাঁরা সবাই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কুর অনুসারী।কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘নানা কারণে সময়মতো কমিটি করা যায়নি। গত বুধবার একতরফাভাবে ছাত্রদলের প্রতিপক্ষের কর্মীরা আমাদের ওপর হামলা করে।’ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর বলেন, ‘দলের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই। আমাদের কর্মীদের মারধর করার কারণে প্রতিপক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার কারণে আমরা ঢাকায় আছি।’প্রসঙ্গত, গত বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রমে সহযোগিতা করার সময় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এ ঘটনাকে কেন্দ্র করে গত বুধ ও বৃহস্পতিবার রাতে দ্রুত বিচার আইনে দুই পক্ষের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয়।