পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার এক স্কুলশিক্ষক ও তাঁর পরিবার মিথ্যা মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাঁদের বিরুদ্ধে যে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটতরাজের অভিযোগ উঠেছে, গতকাল শনিবার সেখানে গিয়ে কোনো ভাঙচুরের চিহ্ন পাওয়া যায়নি।মামলার বাদী মোজাম্মেল হক গত ২৭ সেপ্টেম্বর আদালতে দায়ের করা এজাহারে লিখেছেন, ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারে তাঁর মুদিদোকান। গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, তাঁর ভাই মো. হোসেন, আবদুল হান্নান, ভাগনে মো. নোমান, ভগ্নিপতি মহিউদ্দিন, বাবা রফিকুল ইসলাম মাস্টার ও তাঁদের সাঙ্গপাঙ্গরা ওই মুদি দোকানে হামলা করে। আসামিরা তাঁর ছেলে ইউসুফ ও ইসমাঈলকে হুমকি দিয়ে ক্যাশ থেকে ৪০ হাজার টাকাসহ মালামাল লুট করে এবং দোকানে ভাঙচুর চালায়।গতকাল ওই বাজারে গেলে শতাধিক দোকানদার এই প্রতিনিধিকে জানান, মোজাম্মেলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি একজন জেলে। তিনি বা তাঁর ছেলেরা কখনো মুদিদোকান করেননি। বাজারের প্রবীণ ব্যবসায়ী গোলাম গফুর, মো. ইলিয়াছ ও মো. সবুজ বলেন, মোজাম্মেল যে জায়গায় দোকান ভাঙচুর ও লুট হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন, সেটি সরকারি জায়গা। সেখানে তাঁর কোনো দোকান ছিল না। এমনকি ২৬ সেপ্টেম্বর হাওলাদার বাজারের কোনো দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি।এদিকে ২৬ সেপ্টেম্বর সকাল সোয়া নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। শিক্ষক হাজিরা খাতায় তাঁর সই আছে। স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুল হক, সভাপতি আবদুল কাদের হাওলাদার ও সহসভাপতি সালাম গফুর হাওলাদার লিখিতভাবে সাংবাদিকদের এ কথা জানান।মামলার আসামি জহিরুল ইসলাম বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাঁরা সবাই নির্দোষ। মামলাবাজ মোজাম্মেল শত্রুতাবশত তাঁকে আসামি করেছেন। আদালতে তাঁর আটকাদেশ হওয়ায় তিনি এবং তাঁর বাবা, ভাই, বোন পালিয়ে বেড়াচ্ছেন।মোজাম্মেলের ছোট ছেলে মো. রিপন (১৭) জানায়, ওই স্থানে কোনো মুদি দোকান ছিল না। তার বাবার সঙ্গে আসামিপক্ষের রফিকুল ইসলাম মাস্টারের জমি নিয়ে বিরোধ আছে। মোজাম্মেল হক বলেন, ওই স্থানে দোকান ছিল কি না, তা আদালতে প্রমাণ করা হবে। পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ বলেন, মোজাম্মেল মিথ্যা মামলা করেছেন। এ ঘটনার কোনো সত্যতা নেই। কিছু ঘটে থাকলে আমি অবশ্যই জানতাম। কারণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনেই এই বাজার।