পালিয়ে বেড়াচ্ছেন সেই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মঙ্গলবার (আজ) থেকে আমার বোনের এসএসসি পরীক্ষা। এ অবস্থায় বাসায় তালা মেরে স্ত্রী, ছোট্ট মেয়ে এবং বোনকে আত্মীয়ের বাসায় তুলে দিয়েছি। সেখান থেকেই বোনটি পরীক্ষা দেবে। ওদের নিয়ে আমার সারাক্ষণ চিন্তা। আর আমি ক্যাম্পাস ও বাসা ছেড়ে ঢাকায় চলে এসেছি। সন্ত্রাসী হামলার আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছি। এখন ছুটি নেওয়া ছাড়া আমার আর কোনো গতি নেই। নির্ঝঞ্ঝাট পরিবেশে বড় হয়েছি। শিক্ষকতার মতো মহান পেশা গ্রহণ করেছি। এখন শিক্ষার্থীর ভয়ে কুমিল্লা ছাড়া। এর থেকে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে? সিন্ডিকেটের সভা মুলতবি হওয়ায় নতুন করে ভীতির সঞ্চার হয়েছে। রয়েছে নানামুখী চাপও।’ গত রোববার দুপুরে মুঠোফোনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মশিউর রহমান প্রথম আলোকে এভাবেই তাঁর আকুতি আর মনোকষ্টের কথা বলেন। গত ২৪ জানুয়ারি বিকেলে কোটবাড়ি গন্ধমতি এলাকায় ওই শিক্ষকের বাসায় তাঁর বিভাগেরই তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী ইলিয়াস হোসেন সন্ত্রাসী হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ এনে ওই হামলা চালানো হয়। এদিকে গত রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পূর্বনির্ধারিত জরুরি সভাটি কোরাম সংকটের কারণে হয়নি। ওই সভা আগামী বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে ডাকা হয়েছে। সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা মো. দলিলুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সিন্ডিকেটের ১৮ জন সদস্যের মধ্যে মাত্র চারজন রোববার উপস্থিত ছিলেন। নিয়মানুযায়ী এক-তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। এ ক্ষেত্রে কোরাম পূর্ণ না হওয়ায় সভাটি মুলতবি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ঢাকায় ওই বৈঠক হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, লোকপ্রশাসন বিভাগের একজন শিক্ষকের মদদে ইলিয়াস ওই দিন একই বিভাগের শিক্ষকের বাসায় হামলা করেন। এখন ওই শিক্ষক তাঁকে রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ইতিমধ্যে ওই শিক্ষক স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি মিটমাট করার জন্য তৎপরতা চালাচ্ছেন। ২৪ জানুয়ারির ওই হামলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থনীতি বিভাগের শিক্ষক জাকির ছায়াদুল্লাহকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত বৃহস্পতিবার উপাচার্যের কাছে প্রতিবেদন দাখিল করেছে। এই পরিপ্রেক্ষিতে উপাচার্য রোববার সিন্ডিকেটের ওই জরুরি বৈঠক ডাকেন।