পালিয়ে বেড়ালেও নিয়মিত বেতন তুলছেন অধ্যক্ষ!
অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পালিয়ে বেড়াচ্ছেন রংপুরের পীরগাছার চৌধুরানী ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। তবে মাদ্রাসায় অনুপস্থিত থাকলেও পরিচালনা কমিটির সভাপতির সহায়তায় ওই অধ্যক্ষ নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৩ নভেম্বর ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খাদেমুল ইসলাম পারিবারিক সমস্যার কারণে মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল আমিনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নেন। এক বছর পেরিয়ে গেলেও অধ্যক্ষ ওই টাকা পরিশোধ না করে টালবাহনা করতে থাকেন। পাওনা টাকা আদায়ের জন্য বাধ্য হয়ে ১৭ নভেম্বর নুরুল আমিন বাদী হয়ে পীরগাছা উপজেলার আমলি ম্যাজিস্ট্রেট আদালতে খাদেমুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ১৭ জানুয়ারি আদালত অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর থেকে তিনি পলাতক রয়েছেন। কিন্তু মাদ্রাসায় অনুপস্থিত থেকেও গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর করে তিনি নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছেন বলে নাম প্রকাশ না করার শর্তে ওই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো নিয়মিত বেতন-ভাতা উত্তোলনে সহায়তা করছেন বলে তাঁরা অভিযোগ করেন।মাদ্রাসার উপাধ্যক্ষ এ জেড এম রুহুল কুদ্দুস বলেন, অধ্যক্ষ খাদেমুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদ্রাসায় আসেন না। তার পরও রাতের আঁধারে কর্মস্থলে হাজিরা খাতায় স্বাক্ষর করে নিয়মিত বেতন-ভাতা তুলে নিচ্ছেন তিনি।অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, পারিবারিক অসুবিধার কারণে অধ্যক্ষ মাঝেমধ্যে ছুটিতে থাকেন। তাই তিনি নিয়মিত মাদ্রসায় আসেন না।