পালিয়ে যাওয়া অজগরটি আড়াই বছর পর ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপের খাঁচায় ইটের ঠেকা
সাপের খাঁচায় ইটের ঠেকা

রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান থেকে প্রায় আড়াই বছর আগে পালিয়ে যাওয়া একটি অজগর সাপ গত সোমবার রাতে ধরা পড়েছে। জেলা জজের বাংলোর পাশ থেকে উদ্ধার করা হয়েছে সাপটি। এই সময়ের মধ্যে প্রাণীটি বেশ বড় হয়েছে। চিড়িয়াখানার আগের খাঁচাতেই ঠাঁই হয়েছে সাপটির।

চিড়িয়াখানার কিউরেটর ও ইনচার্জ ফরহাদ উদ্দিন বলেন, সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী জেলা জজের বাংলোর পাশের আখখেত থেকে অজগরটি বেরিয়ে রাস্তার ওপর আসার চেষ্টা করছিল। বাংলোর কর্মচারীরা প্রাণীটিকে দেখে অনুমান করেন, এটি চিড়িয়াখানার অজগর। তাঁরা দ্রুত চিড়িয়াখানা কর্তৃপক্ষকে খবর দেন। চিড়িয়াখানা থেকে একটি দল গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। সেখানেই এর ওজন মাপা হয়। সাপটির ওজন হয়েছে সাড়ে ১৫ কেজি, দৈর্ঘ্য ১৯ ফুট। পালানোর আগে এর ওজন ছিল ৬ কেজির মতো। লম্বায় ছিল প্রায় অর্ধেক।

ফরহাদ উদ্দিন আরও বলেন, বাংলোর পাশের জঙ্গলে হয়তো ইঁদুর-ব্যাঙ খেয়ে অজগরটি বেঁচেছিল। তিনি বলেন, এটি ‘ইন্ডিয়ান রকি পাইথন’। জলে ও ডাঙায় এটি ভালোমতো দাপিয়ে বেড়াতে পারে।

শহীদ এ এইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান এবং জেলা জজের বাংলোটি রাস্তার এপার-ওপার। রাস্তার পশ্চিম পাশে চিড়িয়াখানা আর পূর্ব পাশে জজের বাংলো। চিড়িয়াখানার কর্মচারীরা ধারণা করছেন, খাঁচা থেকে বেরিয়ে হয়তো ড্রেনের ভেতর দিয়ে পালিয়ে সাপটি রাস্তার ওপারে বাংলোয় ঢুকেছিল। বাংলোর আঙিনায় জঙ্গল রয়েছে। একটি আখখেতও আছে। এই আঙিনায় সর্বসাধারণের প্রবেশ সংরক্ষিত হওয়ার কারণে হয়তো অজগরটি নিরাপদেই ছিল বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ধারণা করছে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে বন বিভাগ অজগরটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করেছিল। এটি নওগাঁর ধামইরহাটে ভারতীয় সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছিল। সেখান থেকে উদ্ধার করে বন বিভাগ চিড়িয়াখানায় দিয়েছিল। ওই বছরেরই ২৩ এপ্রিল প্রাণীটি খাঁচা থেকে পালিয়ে যায়। খাঁচায় ভাঙা একটি জায়গা ছিল, সেদিক দিয়েই সে পালিয়েছিল। এ নিয়ে ২০১৫ সালের ২৯ এপ্রিল প্রথম আলোতে ‘ঠেকা দিয়ে রাখা হয় পশুপাখি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় খাঁচা সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেনকে প্রধান করে ৯ সদস্যবিশিষ্ট অপর একটি কমিটি করা হয়েছিল।

অজগর পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চিড়িয়াখানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি অনেক খোঁজাখুঁজি করেও অজগরটির সন্ধান পায়নি।

খাঁচার ভাঙা সেই অংশ মেরামত করা হয়নি আজও। গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, আগের মতোই খাঁচার এক জায়গায় ইট দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে। অজগরটি খাঁচার এক কোনায় দলা পাকিয়ে আছে। মুখের সামনে একটি মুরগি বাঁধা।

এত দিনেও খাঁচাটির সংস্কার হয়নি কেন জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর ফরহাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, সংস্কার কমিটি সে সময় নেট (খাঁচার লোহার জাল) পাল্টে দিয়েছিল। তাহলে এখন কেন ইট দিয়ে ঠেকা দেওয়া আছে জানতে চাইলে তিনি বলেন, সাপটি বড় হয়েছে। শক্তিশালী হয়েছে। নিরাপত্তার জন্য ইট দিয়েছেন। আগামীকাল আর ইট থাকবে না। মোটা নেট লাগিয়ে ওয়েল্ডিং করে দেবেন।