পালিয়েও রক্ষা পেলেন না তিনি
পুলিশের হাত থেকে বাঁচতে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে ছিলেন এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। পুলিশ হাতকড়াসহ তাঁকে আটক করে থানায় আনে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম নূরুল ইসলাম (৩০)। তিনি উপজেলার ধুপইল গ্রামের নেজাউদ্দিনের ছেলে। লালপুর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালপুর বাজারে বসে মাদক সেবন করার সময় উপপরিদর্শক মাহবুব ও পুলিশ সদস্য মুকুল চন্দ্র নূরুল ইসলামকে আটক করেন। নূরুল ইসলামকে তাঁরর প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যান। পরে থানায় নেওয়ার পথে থানার গেট থেকে মুকুল চন্দ্রের হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যান নূরুল ইসলাম। খবর পেয়ে এসআই আমিনুল ইসলাম পুলিশ নিয়ে নূরুল ইসলামের পিছু ধাওয়া করেন।একপর্যায়ে নূরুল ইসলাম বালিতিতা গ্রামের শামসুলের বাড়িতে আশ্রয় নেন। পুলিশ ওই বাড়িতে ঢুকে নূরুলকে ধরতে গেলে তিনি তাঁদের বাঁশ দিয়ে আঘাত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, থানায় আনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান মাদক সেবনের দায়ে নূরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।