পালিয়েও শেষ রক্ষা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় এক রিমান্ডের আসামিকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান ওই আসামি। তবে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আবারও গ্রেপ্তার করে। আজ সোমবার এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২ জুন ৩০টি ইয়াবাসহ মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের রেজাউল ইসলাম মুন্সীকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। আদালত গত বৃহস্পতিবার ওই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) কোব্বাত হোসেন রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার বিকেলে রেজাউলকে জেলা কারাগার থেকে মুকসুদপুর থানায় নিয়ে আসেন। আজ সোমবার সকালে এসআই কোব্বাত থানায় আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে এসআই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লে ওই সুযোগে রেজাউল থানা থেকে পালিয়ে যান।

কোব্বাত হোসেন জানান, রেজাউল ইসলাম মুন্সী পালিয়ে যাওয়ার পর অভিযান চালিয়ে বেলা তিনটার দিকে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গি গ্রামে তাঁর এক আত্মীয়র বাড়ি থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে মুকসুদপুর থানায় আনা হয়।