পাল্টা কমিটি করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগের তিন নেতার পরামর্শে নগর ছাত্রলীগের পাল্টা কমিটি করার ঘোষণা দিয়েছেন পদবঞ্চিত ছাত্রনেতারা।

কাল ৪ নভেম্বরের মধ্যে কেন্দ্রঘোষিত কমিটি বাতিল করা না হলে এই পাল্টা কমিটি করা হবে। তবে নেতারা তাঁদের এই দাবিকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেন।

গতকাল শনিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা এ ঘোষণা দেন। নগর আওয়ামী লীগের অপর দুই নেতা হলেন মন্ত্রী আফছারুল আমীন ও আ জ ম নাছির উদ্দিন। এই তিন নেতার পরামর্শে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তাঁদের দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘এই আন্দোলনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এসব ভিত্তিহীন অভিযোগ।’

মহিউদ্দিন চৌধুরী ও আফছারুল আমীনকে ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি। তাই বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিটি কলেজ ছাত্রলীগের সদস্য বুখারি আজম অভিযোগ করেন, কেন্দ্রঘোষিত কমিটির বেশির ভাগ নেতা চাঁদাবাজ, বিবাহিত, সন্ত্রাসী ও অছাত্র। তবে সুনির্দিষ্টভাবে কে কে সন্ত্রাসী ও চাঁদাবাজ, তা জানাতে পারেননি তাঁরা। শুধু সভাপতি ইমরান আহমেদ বিবাহিত বলে জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, নগর ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন ও আরশেদুল আলম বাচ্চু মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই ছাত্রলীগের কমিটিতে অছাত্রদের ঢুকিয়েছেন বলে অভিযোগ করা হয়। তবে সংবাদ সম্মেলনে তাঁরা এ-সম্পর্কিত কোনো তথ্যপ্রমাণ দেখাতে পারেননি। ৪ নভেম্বরের মধ্যে কমিটি বাতিল করা না হলে পাল্টা কমিটি করা হবে বলে জানান বুখারি আজম। গত বুধবার কমিটি ঘোষণার পর তাৎক্ষণিকভাবে গাড়ি ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, এটা আবেগের বশে কেউ কেউ করে ফেলেছেন।

এদিকে নবগঠিত নগর ছাত্রলীগের কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে উল্লেখ করে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা। পত্রিকা অফিসে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান। বিবৃতিদাতাদের মধ্যে প্রথমেই রয়েছেন বিদায়ী কমিটির সভাপতি এম আর আজিমের নাম। রেলওয়ের দরপত্র নিয়ে গোলাগুলির ঘটনায় যুবলীগের অভিযুক্ত নেতা হেলাল আকবর চৌধুরীর নামও বিবৃতিতে রয়েছে।