পাল্টা কমিটি ঘোষণা বিএনপির সাবেক দুই সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের পর এবার সাভার, ধামরাই ও আশুলিয়া যুবদলের কমিটি গঠন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন বিএনপির স্থানীয় নেতারা। সম্প্রতি সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এবং পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা যুবদল-ঘোষিত এসব কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে সাবেক দুই সাংসদ জিয়াউর রহমান খান ও দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন গত রোববার দুপুরে সাভারে সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি ঘোষণা করেন।ঢাকা জেলা যুবদল সূত্রে জানা গেছে, সম্প্র্রতি গোলাম হোসেনকে আহ্বায়ক ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে সাভার থানা যুবদল; মো. আইয়ুব খানকে আহ্বায়ক ও আবদুস ছালামকে যুগ্ম আহ্বায়ক করে আশুলিয়া থানা যুবদল; রফিকুল হাসানকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ধামরাই থানা যুবদল এবং নাঈমুর রহমানকে আহ্বায়ক ও সোহেল খানকে যুগ্ম আহ্বায়ক করে ধামরাই পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়।রোববার ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমের সাভারের বাসায় সংবাদ সম্মেলনে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। এ সময় ধামরাইয়ের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান খান এবং সাভারের সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মো. আমজাদ হোসেনকে আহ্বায়ক ও মো. শহিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে সাভার থানা যুবদল; মো. আবদুল হাইকে আহ্বায়ক এবং মো. রকিব দেওয়ানকে যুগ্ম আহ্বায়ক করে আশুলিয়া থানা যুবদল; মোহাম্মদ আলীকে আহ্বায়ক ও মো. খোরশেদ আলমকে যুগ্ম আহ্বায়ক করে সাভার পৌর যুবদল; মো. খলিলুর রহমানকে আহ্বায়ক ও আনোয়ার জাহিদ তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করে ধামরাই থানা যুবদল এবং হাবিবুর রহমানকে আহ্বায়ক ও মাসুম আহাম্মেদকে যুগ্ম আহ্বায়ক করে ধামরাই পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়। পাল্টা কমিটি ঘোষণার আগে সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ জিয়াউর রহমান খান বলেন, ১৯৯১ সাল থেকে ধামরাইয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কোনো কমিটি নেই। কেন্দ্র থেকে কোনো কমিটি ঘোষণা না করায় তাঁরা নিজেরাই কমিটি করে দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। কিন্তু তৃণমূল নেতা ও তাঁদের সঙ্গে কথা না বলে কেরানীগঞ্জে বসে কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জেলা যুবদল ধামরাই থানা যুবদলের যে কমিটি ঘোষণা করেছে, তার আহ্বায়ক রফিকুল হাসান ধামরাইয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। কিছুদিন আগেও তিনি যুবলীগ করতেন।সাভারের সাবেক সাংসদ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন অভিযোগ করেন, জেলা যুবদলের আহ্বায়ক মো. নাজিম উদ্দিনসহ মূল দলের নেতারা হীন উদ্দেশ্যে কেরানীগঞ্জে বসে সাভার, ধামরাই ও আশুলিয়ার কমিটি ঘোষণা করে চলেছেন। এসব কমিটির কেউ কোনো দিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আন্দোলন ও সংগ্রামে তাঁদের কখনো দেখা যায়নি। তিনি দলের ভেতর বিভেদ সৃষ্টিকারী এসব নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।তবে ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী জেলার সব কমিটি ঘোষণার দায়িত্ব তাঁদের। সাবেক সাংসদ ও যুগ্ম আহ্বায়কের এসব কমিটি ঘোষণার এখতিয়ার নেই। ঘোষিত কমিটির কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।