২৪ ডিসেম্বর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের পাল্টা কর্মসূচি দিয়েছে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ।
গতকাল মঙ্গলবার শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের এক জরুরি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেফাজত কর্তৃক নারী শ্রমিকদের গৃহবন্দী করার ষড়যন্ত্র প্রতিহত করা এবং নারী সাংবাদিকদের ওপর হামলার বিচার, হরতালের নামে মানুষ হত্যা ও হিংসাত্মক কার্যকলাপ বন্ধ, মজুরি বোর্ড কর্তৃক ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ছাঁটাই-নির্যাতন বন্ধ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ নির্মূল, জিএসপি সুবিধা পুনর্বহাল ইত্যাদি দাবিতে এ মহাসমাবেশ ডাকা হয়েছে। ওই মহাসমাবেশে সভাপতিত্ব করবেন সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান।