পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামবে ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের কর্মসূচির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। কর্মসূচি ঠিক করার জন্য আওয়ামী লীগের দুই জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে এই সিদ্ধান্ত ও কমিটি গঠিত হয়। কমিটির কাজে সমন্বয় করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতার কাছ থেকে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় রাত নয়টা পর্যন্ত এ বৈঠক চলে।সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত হরতাল দিয়েছে। সেই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি। এর মানে বিএনপি নৈতিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার চায় না। বিএনপির নেত্রী নৈতিকভাবে যুদ্ধাপরাধীদের মুক্তি চান। হরতালে নৈতিক সমর্থন দিয়ে তিনি সেটা প্রমাণ করেছেন। তিনি বলেন, ‘৩ ডিসেম্বর ভুটান সর্বপ্রথম আমাদের স্বীকৃতি দেয়। সেই দিন জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বাঁচাতে সমাবেশ করতে চেয়েছিল। এটা কত বড় আবদার?’সূত্রগুলো জানায়, এর আগে ১৪ দলের সর্বশেষ বৈঠক হয়েছিল গত ২৭ মে। দীর্ঘদিন ১৪ দলের বৈঠক না হওয়ায় গতকালের বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। ১৪ দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জনগণকে সম্পৃক্ত করতে পারলে এবং ১৪ দল মাঠে থাকলে একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতিও হয়ে যাবে। ১৪ দলের নেতারাও এতে একমত পোষণ করেন।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে জামায়াত-বিএনপির প্রতিরোধ-প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাহলে তাদের ষড়যন্ত্র সফল হবে না।জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জামায়াতসহ সাম্প্রদায়িক চক্র খালেদা জিয়ার লাঠি। লাঠির ওপর আঘাত করবেন কিন্তু লাঠির মালিককে কিছু বলবেন না, সেটা হয় না।বৈঠকে ১৪ দলের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: তোফায়েল আহমেদ, সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নাসিম, সাম্যবাদী দলের দীলিপ বড়ুয়া, গণ-আজাদী লীগের আবদুস সামাদ, ন্যাপের এনামুল হক, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান, গণতন্ত্রী মজদুর পার্টির জাকির হোসেন প্রমুখ।