পাল্টা কর্মসূচির প্রতিবাদ
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অপসারণ দাবিতে গত মঙ্গলবার জাতীয় শিক্ষক কর্মচারী-ফ্রন্টের রাজশাহী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরদিনই বোর্ডের চেয়ারম্যানের পক্ষে কর্মচারী ইউনিয়নের ব্যানারে একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির প্রতিবাদে গতকাল শুক্রবার জাতীয় শিক্ষক কর্মচারী-ফ্রন্ট রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে। বেলা ১১টায় নগরের শাহ মখদুম কলেজের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফ্রন্টের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুর রহমান। এতে বলা হয়, গত বুধবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের ব্যানারে যে কর্মসূচি পালন করা হয়েছে, তা চাপ প্রয়োগ করে ও ভয় দেখিয়ে করানো হয়েছে। তবে শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলী বলেন, তাঁরা ইউনিয়নে একটি রেজুলেশন করে বোর্ড চেয়ারম্যানের মৌখিক অনুমতি নিয়ে মানববন্ধন করেছেন। তাঁদের ভয়ভীতি দেখানোর প্রশ্নই ওঠে না। তঁারা স্বতস্ফূর্তভাবে কর্মসূচি পালন করেছেন।