পাল্টা মহাসমাবেশ করতে চেয়েছিল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চের পাল্টা হিসেবে গতকাল বুধবার রাজধানীতে একই ধরনের ‘মহাসমাবেশ’ করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। পুলিশ বলেছে, ‘পীর মাশায়েখ জনতার মঞ্চ’ ব্যানারে দলটি এ জমায়েতের ডাক দেয়। পুলিশ অনুমতিহীন ওই সমাবেশের পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়ায় জামায়াত-শিবিরের কর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। জামায়াতের ওই সমাবেশের স্থান নির্বাচন করা হয় পল্টন থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত। পুলিশ বলেছে, তাদের লক্ষ্য ছিল রাজপথ দখল করে শক্তি প্রদর্শন করা। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবির মহাসমাবেশ করবে এমন আগাম তথ্য ছিল ঢাকা মহানগর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে। ওই মহাসমাবেশের জন্য তারা পুলিশের কোনো অনুমতি নেয়নি। মনিরুল ইসলাম বলেন, ভাঙচুর-অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিস্তান ও মতিঝিলে অবস্থান নেওয়া কর্মীদের কাছ থেকে ‘পীর মাশায়েখ জনতার মঞ্চ’ লেখা অনেকগুলো ব্যানার জব্দ করা হয়েছে। এ ছাড়া মতিঝিলে এক বস্তা পাথর ও দুই বস্তা চ্যালাকাঠ উদ্ধার করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ধরা পড়া ব্যক্তিদের বেশির ভাগই ঢাকার বাইরে থেকে আসা নেতা-কর্মী। তাঁদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে মহাসমাবেশে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।৬৬ নেতা-কর্মী রিমান্ডে: জামায়াত-শিবিরের নেতা-কর্মী সন্দেহে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ৬৬ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম। অন্য ১৫ জনকে কারাগারে পাঠানো হয়।