পাল্টা মামলায় বাদী হলেন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মারধরের ঘটনায় করা একটি মামলার বাদী পুলিশের করা পাল্টা মামলায় আসামি হয়েছেন। পুলিশের ভাষ্য, বাদীর দেওয়া চিকিৎসা সনদ জাল প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর মো. শাহীন কবির (৩৭) নামের এক ব্যক্তি থানায় করা ওই মামলার এজাহারে উল্লেখ করেন, গত আগস্টে গজারিয়ার হোগলাকান্দি গ্রামে মারধরের ঘটনায় তাঁর ভগ্নিপতি মো. খলিল শিকদার (৫৩) জখম হন। মামলায় একই গ্রামের মো. সেলিমসহ ছয়জনকে আসামি করা হয়। খলিল শিকদারের জখম হওয়ার ঘটনার তথ্যপ্রমাণ হিসেবে বাদী একটি চিকিৎসা সনদ থানায় জমা দেন। এতে দেখা যায়, ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খলিল চিকিৎসাধীন ছিলেন। ডা. নিজামউদ্দিন স্বাক্ষরিত ওই সনদে খলিল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন বলে উল্লেখ করা হয়। কিন্তু সনদটিতে স্মারক নম্বর না থাকা, মামলার এজাহার ও সাক্ষীদের বক্তব্যে গরমিল পাওয়ায় পুলিশ সনদটির সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন করে। ২৩ অক্টোবর প্রতিষ্ঠানটির উপপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এ ধরনের কোনো সনদ ইস্যু করা হয়নি বলে পুলিশকে জানানো হয় । গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন গতকাল জানান, মারধরের মামলার বাদী শাহীন জাল সনদ জমা দেন। এতে সংশ্লিষ্ট আইনে উপপরিদর্শক (এসআই) মো. হানিফ সরকার একটি জালিয়াতি মামলা করেছেন। মামলায় শাহীনসহ অজ্ঞাতনামা জালিয়াত চক্রের সদস্যদের আসামি করা হয়েছে। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শাহীন ও তাঁর দুলাভাই খলিল শিকদারকে পাওয়া যায়নি। শাহীনের বোন সেলিনার দাবি, তাঁর ভাই কোনো জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত নন।