পাল্টা হত্যার হুমকি নাসিম ওসমানের

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনো নেতার বাড়িতে হামলা হলে পাল্টা হামলা ও হত্যা করা হবে বলে জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ নাসিম ওসমান হুমকি দিয়েছেন। নারায়ণগঞ্জ শহরের খানপুরে আজ রোববার বিকেলে আয়োজিত এক সমাবেশে তিনি এ হুমকি দেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়া উপলক্ষে বিকেলে নগরে বিজয় মিছিল করেন নাসিম ওসমান।
মিছিলের আগে আয়োজিত ওই সমাবেশে নাসিম ওসমান বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও মানুষ মারা হচ্ছে। নারায়ণগঞ্জে যদি কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা হয়, তাহলে হামলাকারীদের বাড়িতে ঢুকে নারায়ণগঞ্জের জনগণ পাল্টা হামলা চালাবে। পাল্টা হত্যা করা হবে।’
নাসিম ওসমান আরও বলেন, ‘নারায়ণগঞ্জে কেউ যদি বোমা মারে, কারও বাড়িঘরে আক্রমণ হয়, সে যেই দল করবে, সেই বোমাবাজদের পেছনে যারা সমর্থন দেবে, তিনি সাংবাদিক হন আর রাজনৈতিক নেতা হন, তাঁকে ছাড় দেওয়া হবে না। জনগণের পক্ষ থেকে তাঁদের ধ্বংস করা হবে।’
নাসিম ওসমান নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক যুগের চিন্তা’ ও ‘খবরের পাতা’র নাম উল্লেখ করে বলেন, ‘এই পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বাড়ি থেকে ধরে এনে ধ্বংস করা হবে।’ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন, জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীলসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
এর আগে ১০ ডিসেম্বর নগরে ‘বিজয়’ সমাবেশ করেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের নির্বাচিত সাংসদ এবং নাসিম ওসমানের ছোট ভাই শামীম ওসমান।