পাল্টাপাল্টি অভিযোগ, কাজ বন্ধ
মেয়াদ শেষ হলেও ২০১০ সালে শুরু হওয়া ভোলার বোরহানউদ্দিনে মেঘনার তীর সংরক্ষণ কাজ শেষ হচ্ছে না। কাজ ঝুলে থাকার জন্য ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা একে অপরের গাফিলতিকে দায়ী করছেন। সরেজমিনে দেখা যায়, বোরহানউদ্দিন উপজেলার খাসবাজার এলাকা থেকে উত্তরে পক্ষীয়া নওয়াব মিয়ার খালের মাথা পর্যন্ত মেঘনার তীরে কয়েক হাজার বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ, খোলা ব্যাগভর্তি বালু পড়ে আছে। বাঁধের বাইরে প্রতিদিন এসব ব্যাগ জোয়ারে ডুবে যায়, বস্তায় শ্যাওলা জমে পচে যাচ্ছে। বস্তা ছিদ্র হয়ে বালু বেরিয়ে আসছে।টগবী ইউপি সদস্য নুর ইসলাম হাওলাদার বলেন, ঠিকাদার লোকাল চিকন দানার বালু আর মাটি দিয়ে বস্তা ভরার কারণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বস্তা গুনে দিচ্ছে না। আর গুনে না দেওয়ায় ঠিকাদার বস্তা ফেলতে পারছেন না। বস্তা না ফেললে ব্লক পড়বে না।ভোলা পাউবো-১ কার্যালয়ের তথ্যমতে, বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষা প্রকল্পের আওতায় ২০১০ সালে ২৭টি প্যাকেজে ৭ দশমিক ৩০ কিলোমিটার বাঁধের গায়ে জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং ও ব্লক স্থাপন কাজের প্রস্তাব একনেকে পাস হয়। ওই বছরই ছয়টি প্যাকেজের কাজ শুরু হয়। কাজগুলো করছে বগুড়ার মেসার্স লিয়াকত আলী, ঢাকার মানিকতলার মেসার্স তাজুল ইসলাম, ঢাকার পুরানা পল্টনের পারিস ট্রেড সিস্টেম, রাজশাহীর মো. আবুল হোসেন ও ঢাকার পূর্ব বাসাবোর মেসার্স সুলতান আহমেঞ্চদ। এ পাঁচটি প্রতিষ্ঠান ৫ দশমিক ১১০ কিলোমিটার এলাকায় তিন লাখ ৫১ হাজার ৮৬৮টি ব্লক ও ৭০ লাখ ১১ হাজার ৭০৫টি জিও টেক্সটাইল ব্যাগ ফেলবে। ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ১৪ লাখ ২৭ হাজার টাকা। কাজের প্রথম কার্য-মেয়াদ গত বছর শেষ হওয়ায় প্রত্যেক ঠিকাদার প্রতিষ্ঠানকে দুই মাস থেকে ১৫ মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।পাউবোর তথ্যমতে, মেসার্স লিয়াকত আলীর ১৭ মাসে কাজের অগ্রগতি ৫৪ ভাগ, মেসার্স তাজুল ইসলামের ৮৫ ভাগ, পারিস ট্রেড সিস্টেমের ১৫ মাসে কাজের অগ্রগতি ৫০ ভাগ, রাজশাহীর মো. আবুল হোসেনের ৫০ ভাগ, মেসার্স সুলতান আহমেঞ্চদের ৫০ ভাগ এবং মেসার্স তাজুল ইসলামের আরেকটি কাজের অগ্রগতি ৫৪ ভাগ।মেসার্স লিয়াকত আলীর প্রতিনিধি মো. ঝিলন প্রথম আলোকে বলেন, পাউবো বস্তা না গুনে দেওয়ায় তাঁরা ফেলতে পারছেন না। মেসার্স তাজুল ইসলামের প্রতিনিধি সামসুর রহমান বলেন, বস্তা গুনে দিলে ২০-২৫ দিনের মধ্যে ফেলা যাবে। কিন্তু গুনে না দেওয়ায় বস্তাগুলো পচে যাচ্ছে। ঝিলন ও সামসুর রহমানের মতো অভিযোগ তোলেন অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ব্লক ও জিও ব্যাগ ফেলতে তিন জায়গায় ছাড়পত্র প্রয়োজন। ওই তিন জায়গার দায়িত্বশীল কর্মকর্তাদের নানা ব্যস্ততার কারণে ব্যাগ গুনে ও বুঝিয়ে দিতে বিলম্ব হচ্ছে। তবে পাউবো গঠিত ২০ সদস্যবিশিষ্ট টাস্কফোর্সের আহ্বায়ক ও নির্বাহী প্রকৌশলী কাজী তোফায়েল হোসেন বলেন, বস্তায় যে বালু ভরানো হয়েছে পানিতে ফেললে তা বের হয়ে বস্তা ভেসে যাবে। তাই টাস্কফোর্স ওই বালুভর্তি বস্তা সরিয়ে মোটা দানার বালু না ঢুকালে বস্তা গুনে দেবে না।