
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠাইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে আজ বুধবার ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছেন দুই প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা। প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী উপকরণ।
গত সোমবার রাত ১২টার পর থেকে প্রচারণা বন্ধ হলেও গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি অভিযোগে বেশ উত্তেজনা ছড়ায় নির্বাচনী এলাকায়। কিশোরগঞ্জ-৪ আসনের সাতবারের সাংসদ আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হয়। আওয়ামী লীগের মনোনয়ন পান রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহামঞ্চদ। বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম আওয়ামী লীগের অষ্টগ্রাম উপজেলা শাখার প্রচার সম্পাদক। ফুটবল প্রতীক নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। গতকাল নির্বাচনী প্রচারণা বন্ধ থাকায় দুই প্রার্থী অনেকটা ছুটির আমেজে দিন কাটিয়েছেন। রেজওয়ান মিঠামইনের কামালপুরে আর মহিতুল অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের মসজিদ জাম গ্রামের বাড়িতে দিনটি কাটান।
ইটনা ও অষ্টগ্রামে আতঙ্ক: ভোটের বিবেচনায় তিন উপজেলার মধ্যে ইটনার রয়েছে বিশেষ গুরুত্ব। আসনটির দুই লাখ ৭৯ হাজার ৭১৯ ভোটের মধ্যে ইটনায় এক লাখ পাঁচ হাজার ৭০৬ ও অষ্টগ্রামে এক লাখ এক হাজার ৫১৪ ভোট রয়েছে। রেজওয়ানের বাড়ি মিঠামইনে এবং মহিতুলের অষ্টগ্রামে। ফলে দুই প্রার্থীরই বিশেষ নজর রয়েছে ইটনার প্রতি।
ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, ইটনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ হোসেন এলংজুড়ি ইউনিয়নের চিলনী গ্রামে তাঁদের দুই কর্মী এমরান আলী ও শ্যামল মিয়াকে হুমকি দেন।
এ ব্যাপারে জানতে নূরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য জানা যায়নি। তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন, আইন প্রয়োগকারীদের ব্যবহার করে ফুটবলের সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। চৌগাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চান মিয়াকে র্যাব সদস্যরা ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়েছে।
চান মিয়া তাঁকে ডেকে নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাকে কোনো ভয়ভীতি দেখানো হয়নি। র্যাবের লোকজন আমাকে ডেকে নিয়ে কেন্দ্রগুলোর অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন।’
মহিতুলের প্রধান নির্বাচন সমন্বয়ক সৈয়দ মোহামঞ্চদ শাহজাহান অভিযোগ করেন, আমাদের নেতা-কর্মীদের মধ্যে এতটাই আতঙ্ক ছড়ানো হয়েছে যে তাঁরা এখন ভয়ে মুখ পর্যন্ত খুলছেন না। তিনি বলেন, ‘পক্ষপাতমূলক আচরণের কারণে আমরা বারবার বলার পরও তিন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সরানো হয়নি। অষ্টগ্রাম থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান আওয়ামী লীগের সভাপতির মতো কাজ করছেন।’
তবে মিজানুজ্জামান বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করিনি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ছাত্রজীবনেও আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।’
মিঠামইনে কারচুপির আশঙ্কা: স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল মিঠামইনের সাত ইউনিয়নের তিনটি বৈরাটি, ঘাগরা ও কাঠখালের সব কেন্দ্রেই কারচুপির আশঙ্কা করছেন। তবে রেজওয়ান বলেন, নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। নিশ্চিত ভরাডুবির আতঙ্কে আগে থেকেই কারচুপির অভিযোগ তুলে পরিপ্রেক্ষিত তৈরি করে রাখছেন মহিতুল।
মহিতুল ইটনা উপজেলার ১১টি ও ও অষ্টগ্রাম উপজেলার চারটি কেন্দ্র নিয়ে আশঙ্কার কথা রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেনকে জানিয়েছেন।
১১৮ কেন্দ্রের ১০৪টি‘গুরুত্বপূর্ণ’: রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, তিন উপজেলার ১১৮টি কেন্দ্রের ১০৪টিকে তাঁরা ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন। তাই আলাদা করে কয়েকটি কেন্দ্রের নাম বলাটা জরুরি কিছু নয়। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের প্রায় পাঁচ হাজার সদস্য মোতায়েন করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ব্যাটালিয়ন আনসার ও আনসারের সমন্বয়ে ২৭ সদস্যের একটি করে দল মোতায়েন থাকবে।