ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা যুবলীগের বিবদমান দুই পক্ষের আনন্দ মিছিলকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পুরো ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। গতকাল মাইকে ঘোষণা দিয়ে সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ইউনিয়নে সব ধরনের রাজনৈতিক সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়া। তাঁরা ২০ ফেব্রুয়ারি আগের কমিটির সাধারণ সম্পাদক আকিল উদ্দিনকে আহ্বায়ক, আলী হায়দারসহ পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেন।
ওই আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেন উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আল এমরান, যুগ্ম সম্পাদক জিয়াউল হক ও সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম। তাঁরা গত সোমবার আগের কমিটির সভাপতি শেখ দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও ইকবাল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যের আরেকটি কমিটি ঘোষণা করেন।