পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে আ.লীগ-বিএনপি
পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে রাজধানী ঢাকায় মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপি। পানি, বিদ্যুৎ ও গ্যাস সম্পর্কে উভয় দল পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে গতকাল বুধবার থেকে সপ্তাহব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন শুরু করেছে। নাগরিক সুবিধা নিয়ে রাজনৈতিক কর্মসূচি নেওয়া হলেও দল দুটি মূলত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন এবং দলীয় অবস্থান মজবুত করার লক্ষ্য নিয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে।গতকাল রাজধানীর ছয়টি স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল হয়েছে। তবে তেজগাঁও এলাকায় তারা সমাবেশ করতে পারেনি। মিরপুরে আ.লীগের সমাবেশ: মিরপু রের গোল চত্বরের সমাবেশে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী খালেদা জিয়ার চ্যালেঞ্জের জবাবে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদালতের বারান্দায় যাবেন খালেদা জিয়াকে দেখার জন্য। কেননা খালেদা জিয়া নিজেই দুই ছেলেকে নিয়ে দুর্নীতির মামলায় আদালতে ঘোরাঘুরি করছেন।সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সবচেয়ে বড় সহযোগী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি জেনারেল জানজুয়ার ক্যাম্পে বসে মুক্তিযোদ্ধা হত্যার পরিকল্পনা করেছেন তিনি।দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন, যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদদের বাঁচাতে খালেদা জিয়া আন্দোলনের হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগ উড়ে এসে জুড়ে বসা দল নয়।মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আগা খানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী, আসলামুল হক, ফয়েজউদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, আবদুল হক, মাইনুল হোসেন খান, এস এম হানিফ প্রমুখ। ছয়টি স্থানে বিএনপির সমাবেশ: বিএনপি গতকাল ঢাকা মহানগরের ছয়টি স্থানে সমাবেশ ও মিছিল করেছে। তবে সরকার সমর্থকদের বাধায় তেজগাঁওয়ে তারা সমাবেশ কর্মসূচি পালন করতে পারেনি। যেসব স্থানে সমাবেশ হয়েছে সেগুলো হলো: লালবাগ, বাড্ডা, মোহাম্মদপুর, জয়কালী মন্দির, শ্যামপুর ও কমলাপুর। লালবাগের সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সারা দেশের মানুষ তাদের চাহিদাটুকু পাচ্ছে না।তেজগাঁওয়ে বিএনপির সমাবেশ শুরু হওয়ার আগে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন বিএনপির নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে সাতজন ফার্মগেটের আল-রাজী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সন্ধ্যায় মির্জা ফখরুল আহত নেতা-কর্মীদের হাসপাতালে দেখতে যান।আহতদের মধ্যে আছেন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি তরিকুল ইসলাম, বিএনপির কর্মী গিয়াসউদ্দিন, নাজমুল হাসান, গোলাম সারোয়ার, বাচ্চু, সিরাজুল, শাহাজাহান প্রমুখ। বিএনপির নেতারা অভিযোগ করেন, পুলিশ তাঁদের মাইক কেড়ে নেয়। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পূর্বানুমতি না থাকায় মাইক ব্যবহার করতে দেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর, ধানমন্ডি, খিলগাঁও চৌরাস্তা, গুলশানের ওয়্যারলেস গেট, পল্লবী, হাজারীবাগ, সূত্রাপুর ও সবুজবাগ এলাকায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হবে।