পাল্টাপাল্টি কর্মসূচি সংকট নিরসনে রাষ্ট্রপতির নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও সাধারণ শিক্ষক পর্ষদের ব্যানারে গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়েছে। উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে ঐক্য ফোরাম সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। গতকাল চতুর্থ দিনের মতো তাঁরা উপাচার্যকে অবরোধ করে রাখেন। শিক্ষক পর্ষদ সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন থেকে সরে আসতে ফোরামের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে নানা উদ্যোগ ও তদন্ত কমিশনের দেওয়া প্রতিবেদন সম্পর্কে রাষ্ট্রপতি ও আচার্যকে জানানোর পর তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনার আলোকে উপাচার্য অবিলম্বে সিনেট নির্বাচনের ব্যবস্থা গ্রহণ ও সিনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির আইন অনুযায়ী উপাচার্য নিয়োগের প্যানেল এবং শিক্ষকদের বিরুদ্ধে করা রিট মামলা প্রত্যাহারে ব্যবস্থা নেবেন। রাষ্ট্রপতির নির্দেশনা গত বুধবার সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রায় সাত মাস ধরে চলা এই আন্দোলনে গতকাল প্রথম শিক্ষার্থীরা অংশ নেন। বেলা একটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আয়োজিত সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, ‘আমরা উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি। শিক্ষার্থীরা তাতে সাড়া দিয়েছে।’ তিনি বলেন, ‘কাল (আজ শুক্রবার) আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’

তবে উপাচার্য আনোয়ার হোসেন অভিযোগ করেন, ‘শিক্ষার্থীদের নানাভাবে বাধ্য করে মানববন্ধনে আনা হয়েছে। আমি আশা করছি, সব ভয়ভীতি উপেক্ষা করে শিক্ষার্থীরা এই অবৈধ আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াবে।’

আন্দোলনকারীরা চতুর্থ দিনের মতো গতকালও উপাচার্যকে তাঁর বাসভবনে অবরোধ করে রাখেন। বুধবার থেকে তাঁর বাসভবনে কর্মচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় ও যানবাহন ধর্মঘটের আওতামুক্ত ছিল।

এদিকে সাধারণ শিক্ষক পর্ষদের ব্যানারে গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে সাজেদ আশরাফ করীম চলমান আন্দোলনকে অযৌক্তিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ড বলে উল্লেখ করেন। উপাচার্যকে অবরোধ করার সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক নিজ নিজ স্বার্থে শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলন করছেন। আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সহকর্মীদের চাকরির পদোন্নতি হচ্ছে না। আন্দোলনকারী শিক্ষকেরা কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে নিরুৎসাহিত করতে সচেষ্ট।

আচার্যের কাছে স্মারকলিপি: বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনের দাবিতে গতকাল আচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে সমাবেশ করার পর ছাত্রসংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে আচার্যের বরাবর স্মারকলিপি পেশ করে। সংগঠনের আহ্বায়ক মৈত্রী বর্মণ বিষয়টি নিশ্চিত করেন।