পাল্টাপাল্টি কর্মসূচিতে অচল কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ছয় দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি তৃতীয় দিনের মতো অব্যাহত আছে। অন্য দিকে ক্লাস ও পরীক্ষা চালুসহ ১১ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
গতকাল মঙ্গলবার সকালে অর্ধশতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে ফটকে তালা দিয়ে দেন। এ সময় তাঁরা বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষকদের বাসও আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে গত বৃহস্পতিবার থেকে ক্লাস এবং গত রোববার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছে শিক্ষক সমিতি।
আন্দোলনরত অন্তত চারজন শিক্ষার্থী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। এর বাইরে ছাত্রলীগ ও শিক্ষক সমিতি বিভিন্ন সময়ে আন্দোলন করে ক্লাস ও পরীক্ষা ব্যাহত করে। এতে করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হচ্ছে। এখন গত বৃহস্পতিবার থেকে ক্লাস বন্ধ রয়েছে। রোববার থেকে চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা হচ্ছে না। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তাঁরা আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবার অবিলম্বে শিক্ষকদের ওপর হামলার বিচার এবং ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর প্রধান ফটকে তালা দেওয়া হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফটকে শহর থেকে আসা ডিনের গাড়ি আটকে দেওয়া হয়। বেলা দুইটায় শিক্ষকদের বাস আধা ঘণ্টার জন্য আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা খুলে দিলে বাস শহরে যায়।
এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের বলেন, ‘উপাচার্য শিক্ষকদের ছয় দফা নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কোনো আশ্বাসও দিচ্ছেন না। উনি একটা পক্ষকে সমর্থন দিচ্ছেন। বঙ্গবন্ধু পরিষদের নীল দলের পূর্ণ প্যানেলের নির্বাচিত শিক্ষক সমিতির প্রতি তিনি অবজ্ঞা করছেন। এ ধরনের নজির বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। এভাবে চললে সংকট দূর হবে না।’
উপাচার্য মো. আলী আশরাফ গতকাল সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছয় দফা দাবির মধ্যে অন্তত দুটি দাবি মেনে নেওয়া হয়েছে। এ আন্দোলনকে কেন্দ্র করে যাঁরা আমার দিকে আঙুল উঁচিয়ে, তেড়ে এসে কথা বলেছেন, তাঁদের বিচার করবে কে? শিক্ষক সমিতির তিন নেতারও বিচার হওয়া দরকার।’