পাল্টাপাল্টি ছুরিকাঘাতে স্বামী নিহত, স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার তুরাগ থানার নলভোগ এলাকায় গতকাল রোববার রাতে নিজ বাড়িতে মনির হোসেন (২৮) ও তাঁর স্ত্রীর মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন মনির।
মনিরের স্ত্রী (২২) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন।
এই দম্পতির দুই ছেলে রয়েছে। বড় ছেলের বয়স পাঁচ ও ছোট ছেলের বয়স তিন বছর। তাদের সামনেই এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফের ভাষ্য, মনির নলভোগ এলাকায় রূপায়ণ হাউজিংয়ে বালু সরবরাহের কাজ করতেন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মনির বাসায় ফেরেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনিরকে তাঁর স্ত্রী ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। মনিরও স্ত্রীর কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে পাল্টা তাঁকে আঘাত করেন। এ দৃশ্য দেখে তাঁদের দুই ছেলে চিত্কার ও কান্না জুড়ে দিলে আশপাশে থাকা মনিরের স্বজনেরা ছুটে আসেন। এরপর তাঁদের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ সকালে মনির মারা যান।

মনিরের বাবা-মায়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, মনিরের পরকীয়া রয়েছে বলে তাঁর স্ত্রী সন্দেহ করে আসছিলেন। একইভাবে মনিরও তাঁর স্ত্রীকে সন্দেহ করতেন। এ নিয়ে প্রায়ই তাঁদের ঝগড়া হতো। এসব বিষয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিস বৈঠক হয়।