পাল্টাপাল্টি দোষারোপে উত্তপ্ত ক্যাম্পাস
☀ ২৯ জানুয়ারি ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্র জোট।
☀ প্রতিরোধের ঘোষণা ছাত্রলীগের।
☀ ছাত্রলীগ নয়, উপাচার্যকে উদ্ধার করেছেন কর্মকর্তারা: প্রক্টর।

উত্তপ্ত ক্যাম্পাসে পাল্টাপাল্টি দোষারোপ চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ২৯ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট। এই ধর্মঘটের নামে বিশৃঙ্খলা প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবারের হামলা ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাল্টাপাল্টি কর্মূসচি পালন করেছে ছাত্রলীগ ও বামপন্থী ছাত্রসংগঠনগুলো। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র জোটের মিছিল ও সমাবেশে ছাত্রলীগের দুই দফা হামলায় জোটের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জোটের সমাবেশস্থল পার হওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা অশোভন আচরণ করলে উত্তেজনা ছড়ায়।
ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ তুলে এবং ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের তিনটি ফটকের তালা ভেঙে ফেলেন একদল শিক্ষার্থী, সেখানে বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন। উপাচার্যকে তাঁর কার্যালয়ের সামনে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘেরাওকারীদের ওপর হামলা করলে দুই পক্ষের অর্ধশত শিক্ষার্থী আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে সমালোচন
া ও তর্কযুদ্ধ চলছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে।
২৯ জানুয়ারি ধর্মঘট
গতকাল দুপুরে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ২৯ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে প্রগতিশীল ছাত্র জোট। তারা মঙ্গলবারের হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে।
প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব বলেন, ‘হাইকোর্ট থেকে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের নির্দেশনা আছে। আমরা আশঙ্কা করছি যে পরিকল্পিতভাবে ডাকসু নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।’
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিচার, ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের নিপীড়নকারীদের শাস্তি ও ১৭ জানুয়ারির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), ছাত্র ঐক্য ফোরাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও বিপ্লবী ছাত্র মৈত্রীর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট। সংবাদ সম্মেলনে এ ছয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিরোধের ঘোষণা ছাত্রলীগের
প্রগতিশীল ছাত্র জোটের ডাকা ধর্মঘটের নামে অছাত্র ও বহিরাগতদের প্রতিরোধের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঙ্গে প্রথম আলোর কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে। সেখানে তাঁরা বলেন, ধর্মঘটের নামে ক্লাস-পরীক্ষা বিঘ্ন করলে, ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইলে তা প্রতিহত করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পুলিশে সোপর্দ করতে মাঠে থাকবে ছাত্রলীগ।
বিক্ষোভে ছাত্রলীগের নেতারা
গতকাল সকালে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন। সেখান থেকে তাঁদের বিক্ষোভ মিছিল উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান বলেন, ‘গেট ভেঙে, বিশ্ববিদ্যালয়ের সম্পদ লুটপাট করে কোনো আন্দোলন হতে পারে না। এসব দেখে সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকতে পারে না। এদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনতে হবে।’
স্লোগান ’৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদসহ টিএসসিভিত্তিক কয়েকটি সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকেরাও ছাত্রলীগের সমাবেশে সংহতি জানান।
নিপীড়নবিরোধীদের সংবাদ সম্মেলন
মধুর ক্যানটিনে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে পৃথক সংবাদ সম্মেলনে সামান্তা শারমিন নামে এক ছাত্রী বলেন, ‘উপাচার্যের ওপর “আক্রমণ” শব্দটিকে প্রশাসন ও ছাত্রলীগ ভাইরাল করার চেষ্টা করছে। কিন্তু এর কোনো ভিত্তি নেই।’
ছাত্রলীগ নেতা-কর্মীদের পিটিয়ে আহত করার অভিযোগের বিষয়ে সামান্তা বলেন, সেখানে শ দুয়েক আন্দোলনকারী ছিলেন। বিপরীতে ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন হাজারখানেক। তাঁদের হাতে রড-লাঠি ছিল।
লিখিত বক্তব্যে বলা হয়, কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লাকে লাঞ্ছিত করার যে অভিযোগ আনা হয়েছে সেটা নির্লজ্জ মিথ্যাচার।
ফেসবুকে শ্রাবণী শায়লার ছবি বিতর্ক
শায়লা শ্রাবণী এক ছাত্রীর পোশাক টেনে ধরে মারধর করছেন—এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আরেকটি ছবিতে দেখা গেছে শায়লাকে ঘিরে রয়েছেন কয়েকজন ছেলে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনও গতকাল ওই ছবিটি দেখিয়ে প্রথম আলোকে বলেন, ‘দেখুন কীভাবে শ্রাবণীকে ঘিরে ধরেছে কয়েকটি ছেলে। কেউ তার হাত ধরে আছে। শ্রাবণীর তলপেটে লাথি মারা হয়েছে। এসব কি নিপীড়ন নয়?’
ছড়িয়ে পড়া ছবিতে ছাত্রলীগের নেত্রী শ্রাবণী শায়লা যে মেয়েটির পোশাক টেনে ধরে মারধর করছিলেন তাঁর নাম শ্রবণা শফিক দীপ্তি। তিনি মাগুরার ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবারের সদস্য। যাঁর বাবা, দাদা আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। শ্রবণা তাঁর ফেসবুকে ওই ছবির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।
নিজেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে দাবি করে শ্রবণা লিখেছেন, ‘একটি ছবিতে আমার ওপর হামলা করতে দেখা যাচ্ছে মেয়েটিকে (শায়লা শ্রাবণীকে)। সে আমার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, জামা টান দিয়ে ছিঁড়ছে।...আমাকে ছাত্রলীগের কয়েকজন নেতা-নেত্রী কিল-ঘুষি দিচ্ছিল, টানাহ্যাঁচড়া করছিল, চড়-থাপ্পড় দিচ্ছিল। একপর্যায়ে আমার পেটে একটা লাথি পড়ে এবং আমি কোনায় ছিটকে পড়ি। এরপর আমার ভাই, বন্ধু এবং সাংবাদিক ভাইয়েরা আক্রমণকারীদের নিরস্ত করতে চেষ্টা করলে এই মেয়েটি (শায়লা শ্রাবণী) তাঁদের গালিগালাজ করতে করতে ব্যারিকেড ভেঙে আসতে চেষ্টা করে। আমার সাহায্যকারীরা তাকে গায়ে হাত না দিয়ে নিরস্ত করার চেষ্টা করছিলেন। সেই সময়ে তোলা ছবি ছাত্রলীগের নেতা-নেত্রীরা শেয়ার করছেন।’
মারধর করেও হাসপাতালে!
মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া ছবিতে ছাত্রলীগের যেসব নেত্রীর মারমুখী ভূমিকায় অন্য শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখা গেছে তাঁদের অনেকেই ভর্তি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে। মঙ্গলবার ছাত্রলীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাঁদের ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন, যাঁদের সবাই নারী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসা কর্মকর্তা এ বিষয়ে গতকাল বলেন, ‘তাদের অনেকের মাইনর ইনজুরি আছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।’
গতকাল দুপুরে চিকিৎসাকেন্দ্রে গিয়ে দেখা গেল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন অনেক নেতা-কর্মীসহ সেখানে এসেছেন। মাথায়, গালে, হাতে, পায়ের আঙুলে, গোড়ালিতে পট্টি বাঁধা অবস্থায় ছাত্রলীগের মেয়েরা শুয়ে-বসে রয়েছেন।
ভর্তি থাকা এক ছাত্রী (ছাত্রলীগের কর্মী) বলেন, তাঁরা কাউকে মারধর করেননি, বরং শিকার হয়েছেন। কিন্তু গণমাধ্যম তাঁদের হামলার শিকার হওয়ার তথ্য চেপে গেছে। ছাত্রলীগের আরেক কর্মী পাশ থেকে বলেন, ‘বামগুলো (বামপন্থী সংগঠনের কর্মীরা) পড়ে থেকে অপেক্ষা করছে কখন কোনো ফটোগ্রাফার ছবি তুলতে আসবে।’
চিকিৎসাকেন্দ্রে জাকির হোসাইন প্রথম আলোর কাছে দাবি করেছেন, বামপন্থী সংগঠনগুলোর অছাত্র নেতা-কর্মীরা ছাত্রলীগের মেয়েদের ওপর হামলা চালিয়েছেন।
কেবল ছাত্রনেত্রীরাই আহত হলেন, তখন অন্যরা কী করছিলেন জানতে চাইলে জাকির হোসাইন বলেন, তিনিসহ অনেকেই ছোটখাটো আঘাত পেয়েছেন। এ সময় পাশে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান তাঁর হাত দেখিয়ে বলেন, ‘দেখেন আমার হাতে আঘাতের চিহ্ন। কিন্তু আমরা প্রকাশ করতে চাই না।’
আহতদের খোঁজ নেয়নি বিশ্ববিদ্যালয়
মারধরের শিকার হওয়া সাতজন শিক্ষার্থীসহ বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা গতকালও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ছাত্র ইউনিয়নের লিটন নন্দীর মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এতগুলো ছাত্রছাত্রী আহত হলো, কেউ খবর নিল না।’
আহত আরশাদুল ইনডিপেনডেন্ট পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। ঘটনাস্থলে মারধরের শিকার হওয়া আরশাদুলের মাথায় কয়েকটি সেলাই লেগেছে।
উপাচার্য কথা বলেননি
গতকাল দীর্ঘ সময় উপাচার্যের কার্যালয়ে বসে থেকেও উপাচার্যের সঙ্গে কথা বলতে পারেননি সাংবাদিকেরা। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
কেন ছাত্রলীগকে ডাকা হলো, এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, সেখানে (মঙ্গলবার) ছাত্রলীগের কেউ ছিল না। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমাদের যখন অবরুদ্ধ করা হয়েছিল তখন আমরা মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। এ সময় আমরা কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা ও প্রক্টরিয়াল বডির সহযোগিতায় উপাচার্যকে উদ্ধার করেছি।’