জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দেশে খুন, অপহরণ ও গুম হচ্ছে। এ অবস্থা চরম ভীতিকর। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কাউকে গ্রেপ্তার বা আটক করতে হলে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পোশাক পরা অবস্থায় থাকতে হবে। সংশ্লিষ্ট বাহিনীর আইডি কার্ড দেখাতে হবে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখে আটক বা গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চললে অপহরণ, গুম ও খুন বন্ধ হবে না।
গতকাল শনিবার দুপুরে বরগুনায় মানবাধিকারকর্মী সমাবেশ উদ্বোধনকালে মিজানুর রহমান এসব কথা বলেন।
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে হত্যায় ঘটনায় প্রধান দুই রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছে। এই প্রেক্ষাপটে মিজানুর রহমান বলেন, ‘এ রকম একটি বিষয় নিয়ে রাজনৈতিক খেলা চলতে থাকলে সমস্যার সমাধান হবে না। পারস্পরিক দোষারোপ কোনো সমাধান নয়।’
মিজানুর রহমান আরও বলেন, ‘আমি অনেক আগেই সাবধানবাণী উচ্চারণ করেছিলাম, শর্ষের ভেতর ভূত আছে। সেই ভূত চিহ্নিত করুন, সমস্যার সমাধান করুন। আমি বলেছিলাম, দেশে আটক-বাণিজ্য চলছে, এই বাণিজ্য বন্ধ করুন। এসব বক্তব্যের কারণে তখন অন্তত দুজন জ্যেষ্ঠ মন্ত্রী আমার সমালোচনা করে বলেছিলেন, আমি নাকি জামায়াত-শিবিরে রূপান্তরিত হয়েছি। নতুন করে অপহরণের ঘটনায় দুজন পুলিশ সদস্য জড়িত। এখন তাঁরা (দুই মন্ত্রী) কী বলবেন?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার মুখে এসব কথা শোভা পায় না। তবু বলি, চাটুকারদের কাছ থেকে দূরে থাকুন। দলের যে নেতাকে যে দায়িত্ব দিয়েছেন, তাঁদের বলুন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং কঠোরভাবে বলে দিন, কাজের মধ্য দিয়ে তাঁদের যোগ্যতা, দক্ষতা নির্ধারিত হবে, অন্য কোনো পন্থায় নয়।’