পাল্টাপাল্টি ধাওয়া ককটেল বিস্ফোরণ
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচনে গতকাল শনিবার আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভোটকেন্দ্রের পেছনে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
এ ছাড়া একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার পর ২৫টি ব্যালট বাতিল করা হয়। পরে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। এসব ঘটনায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জি এম নজরুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দেন।
উপজেলার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নূরুজ্জামান ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বেলা ১১টার দিকে কেন্দ্রের পেছনে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
লক্ষ্মীপাশা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহামঞ্চদ নজরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে চার-পাঁচজন যুবক আকসিঞ্চকভাবে ভোটকেন্দ্রে ঢুকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আহসান হাবিবের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে সিল মারে। ১০ মিনিটের মধ্যে এ কাজ করে তারা সরে পড়ে। এ ধরনের ২৫টি ব্যালট বাতিল করে ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
ভোট বর্জনকারী প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমিরের লোকজন আমার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। ৮১টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছে। আমার কয়েকজন কর্মীকে মারধর করেছে। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাইনি। এটি একটি সাজানো নির্বাচন হয়েছে।’
নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘ওই প্রার্থীসহ যে যখন ফোন দিয়েছেন সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে পাঠানো হয়েছে। কোথায়ও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’