পাল্টাপাল্টি ধাওয়ায় যুবকের মৃত্যু!
জেলার বোয়ালখালীতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় খালে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার আরাকান সড়কের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুবকটির পরিচয় পায়নি পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বলেন, ফুলতলা এলাকায় বিএনপি হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করে। ওই সমাবেশের পাশ দিয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী একটি মিছিল গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ারও ঘটনা ঘটে। ওসি জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ সমাবেশস্থলের পাশের একটি খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।
পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় খালে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, ঘটনার সময় খালে জোয়ার ছিল। বিকেলে ভাটা হলে তাঁর লাশ ভেসে ওঠে।