পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীদের নিয়ে উভয় দলের পাল্টাপাল্টি বক্তব্যে গতকাল বুধবারও জাতীয় সংসদে উত্তাপ ছড়িয়েছে। লন্ডনের এক পানশালায় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের এক সহযোগীর সঙ্গে তারেক রহমানকে দেখা গেছে বলে সরকারি দলের এক নেতার বক্তব্যে বিরোধী দল ওয়াকআউট করেছে। অবশ্য কিছুক্ষণ পর তারা ফিরে আসে।বাজেট আলোচনায় কটূক্তি বা অপ্রাসঙ্গিক কিছু না বলার জন্য গতকালও স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের কয়েকবার অনুরোধ করেন। কিন্তু বাজেট নিয়ে সাংসদেরা খুব কমই কথা বলেছেন।বাজেট বক্তৃতায় উভয় দলের সাংসদেরা অসংসদীয় শব্দের ব্যবহার বন্ধে বক্তব্য দিলেও বক্তৃতায় এ ধরনের শব্দের কমতি ছিল না। সরকারি দলের সাংসদ জয়নাল আবদিন আদালতের রায় উল্লেখ করে জিয়াকে ‘খুনি’ মন্তব্য করলে বিএনপির সাংসদেরা হইচই করেন। তখন স্পিকার বলেন, অসংসদীয় ভাষা এক্সপাঞ্জ করার ব্যাপারে তাঁর রুলিং দেওয়া আছে।সরকারি দলের কবিরুল হক রাত পৌনে নয়টার দিকে জিয়াউর রহমানকে ‘বিভ্রান্ত মুক্তিযোদ্ধা ও রাজাকার’ বলে মন্তব্য করেন। এ সময় বিএনপির সদস্যরা তুমুল হইচই করলে কবিরুল হক তাঁদের উদ্দেশে বলেন, ‘চুপ’। বক্তৃতা শেষ হওয়ার পর তিনি বিরোধী দলের কয়েকজন সদস্যের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। পরে জমির উদ্দিন সরকার ফ্লোর নিয়ে এই বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। ডেপুটি স্পিকার শওকত আলী বক্তব্য পরীক্ষা করে দেখা হবে জানালে পরিস্থিতি শান্ত হয়।

এমন সংসদ জনগণ চায় না: বিএনপির এম মাহবুবউদ্দিন খোকন সংসদে অসংসদীয় ভাষার ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, এখন সংসদ হয়ে গেছে গালাগালির স্থান। জনগণ এমন সংসদ চায় না। সবাই এ ধরনের বক্তব্যকে নিন্দা করছে। মৃত এবং সংসদে অনুপস্থিত কারও সম্পর্কে কুৎসা রটনা বা বক্তব্য না দিতে স্পিকারের সহায়তা চান তিনি।

মাহবুবউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, দুদকের চেয়ারম্যান নিজেই বলেছেন, এ সংস্থার দাঁত নেই। তবে এ সরকার ক্ষমতা থেকে গেলে দুদকের দাঁত উঠবে। তিনি বলেন, এ সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। মইন উ আহমেদের সহায়তায় ক্ষমতা এসেছে। তিনি দাবি করেন, দেশের বাইরে তারেক রহমানের কোনো সম্পদ নেই।

সংসদে অশোভন শব্দ ব্যবহারে বিরোধী দলের ভূমিকাকে দায়ী করেন সরকারি দলের আবদুল মান্নান। তিনি বলেন, বাবা-মায়েরা এখন টিভি বন্ধ রাখেন, যাতে সংসদে দেওয়া এসব গালিগালাজ সন্তানেরা না শোনে। তিনি বলেন, হল-মার্কের তানভীর বিএনপির সৃষ্টি। এ সরকারের সময় ধরা পড়েছে। বিএনপির আমলে ওরিয়েন্টাল ব্যাংক কেলেঙ্কারি এবং ওম প্রকাশ আগারওয়ালের অর্থ কেলেঙ্কারির কথা তিনি উল্লেখ করেন।

সরকারি দলের আসাদুজ্জামান নূর বিদেশি এক সাংবাদিকের নিবন্ধ উল্লেখ করে বলেন, লন্ডনের এক পানশালায় তারেককে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের এক সহযোগীর সঙ্গে দেখা গেছে। তিনি সেখানে বিলাসবহুল জীবন যাপন করেন।

বিএনপির সাংসদেরা এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন। জমির উদ্দিন সরকারের নেতৃত্বে তাঁরা অধিবেশন থেকে বের হয়ে যান। এ সময় এলডিপির অলি আহমদকেও অধিবেশনকক্ষ ত্যাগ করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরোধীদলীয় এক সদস্যের বক্তব্যের সমালোচনার জবাবে আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী কোনো মুচলেকা দিয়ে বিদেশে যাননি। বরং তিনি সব ভীতি উপেক্ষা করে দেশে ফিরে এসেছেন। তিনি আরও বলেন, তারেক রহমান রাজনীতি করতে চাইলে দেশে ফিরে আসেন না কেন? তিনি দেশে ফিরে আসুন। তবে ধ্বংসাত্মক রাজনীতি যেন তিনি না করেন।

‘মহাজোটে ফাটল দেখা দিয়েছে’: জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী বলেন, মহাজোটে ফাটল দেখা দিয়েছে। জাতীয় পার্টি বড় শরিক হওয়া সত্ত্বেও মহাজোটে জাতীয় পার্টির মূল্য নেই। দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। আত্ম অহমিকার রাজনীতি বন্ধ করতে হবে। একলা চলার চিন্তা বাদ দিতে হবে। শরিকদের মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে, জনগণ চাইলে ক্ষমতায় বসাতে পারে, আবার সরাতেও পারে।

রাব্বি বলেন, ‘আগেও বলেছি, মহাজোট এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে। এর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ফ্রি স্টাইলে কথা বলেন। কোনো বিষয়ে শরিকের মতামত নেওয়া হয় না।’

মহাজোটের শরিক রাশেদ খান মেনন বলেন, টিকফা চুক্তি স্বাক্ষরিত হলে দেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন হবে। এই অঞ্চলে মার্কিন খবরদারি বেড়ে যাবে। তিনি সংবিধান অনুযায়ী এই চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানান।

মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। বিএনপি মাঝেমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে। আশা করেছিলাম, বিএনপি এই তাণ্ডবলীলার বিরুদ্ধে কথা বলবে। কিন্তু বেগম জিয়া উল্টো গণহত্যার কথা বললেন। গণহত্যার কথা বলে বেগম জিয়া মুক্তিযুদ্ধকে খাটো করেছেন। মেনন নির্বাচন কমিশনের হাতে জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয় হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব দেন।

এলডিপির অলি আহমদ বলেন, অর্থমন্ত্রী নিজেই বলেছেন, তিনি পুঁজিবাজার বোঝেন না। যিনি পুঁজিবাজার বোঝেন না, তাঁর অর্থমন্ত্রী থাকার অধিকার নেই। তিনি বলেন, এই বাজেটে যে জনগণ খুশি নয়, চার সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলই তার প্রমাণ। অলি আহমদ অভিযোগ করেন, হেফাজতের সমাবেশে বাতি নিভিয়ে মানুষ হত্যা করা হয়েছে।

সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘হেফাজতের সমাবেশে কোনো গুলি হয়নি। কোনো হত্যাকাণ্ড হয়নি। যদি বিরোধী দল একজন নিহত হয়েছে এমন প্রমাণ দিতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।’ শেখ সেলিম আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার হবে। সেই সরকারের অংশীদার হতে চাইলে বিএনপি আসতে পারে। এই নির্বাচনে কোনো কারচুপি হবে না। জনগণের ভোটে ক্ষমতা পরিবর্তন হবে।’

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী হেফাজতে ইসলামের নেতৃত্বের প্রতি প্রশ্ন করে বলেন, ‘৪ এপ্রিল তাঁরা ঢাকায় সমাবেশ করলেও সরকার কোনো বাধা দেয়নি। ৫ মে তাঁদের কী ভূত চেপেছিল যে তাঁরা এমন তাণ্ডবলীলা করলেন? কারণ, ৪ মে খালেদা জিয়া আলটিমেটাম দিয়েছিলেন তাঁদের সঙ্গে যোগসাজশ করে।’ তিনি নাম উল্লেখ না করে বিএনপির এক সাংসদের কথা তুলে ধরে বলেন, ‘ওই সাংসদ হেফাজতের সমাবেশে আড়াই হাজার মানুষ মারা যাওয়ার কথা বলেছিলেন। তাঁর বয়স ৮৪ বছর। তিনি কীভাবে এমন কথা বলতে পারলেন? তিনি কি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চেয়েছিলেন? হিন্দুদের পিষিয়ে মারতে চেয়েছিলেন? আসাদ-মতিউরের রক্ত যাঁর হাতে, তিনি এমন কথাই বলতে পারেন।’

এম কে আনোয়ার বলেন, বাজেট সম্পূর্ণ ব্যর্থ। প্রতিশ্রুতিতে ভরা এক কাল্পনিক উপন্যাস। এই বাজেট দেশবাসীকে বিভ্রান্ত করবে। তিনি আরও বলেন, সারা দেশ দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সারা দেশ সরকারের সহযোগিতায় দুর্নীতিতে আচ্ছন্ন। শেয়ারবাজারে মানুষ নিঃস্ব হয়েছে। পূর্বপরিকল্পনা ছাড়াই পদ্মা সেতুর জন্য বাজেটে বিপুল অর্থ রাখা হয়েছে। এতে দেশ অর্থসংকটে পড়বে।

এম কে আনোয়ার আরও বলেন, দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি। বরং হাজার হাজার কোটি টাকা সরকারি-বেসরকারি ব্যক্তিরা লুটে নিয়েছেন। ডেসটিনি, হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা জড়িত। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মহানায়ক প্রধানমন্ত্রী। ১৭৩ দিন হরতালের পরে এই বিধান সংবিধানে সংযোজন করা হয়। তিনি এখন তত্ত্বাবধায়ক সরকার চান না। কিন্তু জনগণ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। সদ্য চার সিটি করপোরেশন নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি বলেছেন, তত্ত্বাবধায়ক চাইলে নির্বাচনই হবে না। আপনি নির্বাচন চান না? জাতির সামনে আপনাকে পরিষ্কার করতে হবে, আপনি কী চান। তাহলে কি তৃতীয় শক্তিকে আমন্ত্রণ জানাতে চান?’

বাজেট আলোচনায় আরও বক্তৃতা করেন মুজিবুল হক, আহাদ আলী সরকার, মেহের আফরোজ, নাসিম ওসমান, খালিদ মাহমুদ চৌধুরী, শেখ আবদুল ওহাব, সোলায়মান হক জোয়ারদার, ইকবালুর রহিম, আতিউর রহমান আতিক, সুকুমার রঞ্জন ঘোষ, মকবুল হোসেন, আমানুর রহমান রানা প্রমুখ।