পাল্টাপাল্টি বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের বাবুপাড়া এলাকায় হারুন মিয়া (৩০) হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব এলাকা থেকে বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এরপর শহরের কাছারিবাজারে পথসভা করে।
পথসভায় আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। আর তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে এই সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিতে হত্যাকাণ্ডের সঙ্গে সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস আলীর ছেলে শেরে জাহান শাওনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় শাওনকে অভিযুক্ত করে হারুনের স্ত্রী মামলাও করেছেন কোতোয়ালি থানায়।
এদিকে ওই বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পরপরই সিটি করপোরেশনের কাউন্সিলর ইদ্রিস আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেয়।
এই স্মারকলিপি থেকে জানা যায়, হারুন মিয়ার লাশ বেওয়ারিশ হিসেবে পুলিশ দাফন করেছে। হারুনকে কারা হত্যা করেছে, এর সঠিক তদন্তের দাবিও জানানো হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওকালে কাউন্সিলর ইদ্রিস আলী বলেন, ‘সামাজিক আন্দোলনের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলে ও আমার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও প্রচারপত্র বিলি করা হয়েছে। আমি রংপুরের প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
প্রসঙ্গত শহরের বাবুপাড়া এলাকার যুবক হারুন মিয়া (৩০) গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। ওই দিনই কে বা কারা অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে গুরুতর আহত অবস্থায় হারুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই রাতে সেখানে তিনি মারা যান। পরদিন ২৪ আগস্ট লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
ওই লাশের ছবিসহ একটি প্রতিবেদন গত ২৬ আগস্ট স্থানীয় যুগের আলো পত্রিকায় প্রকাশিত হলে হারুনের পরিবার চিনতে পারে। পরে হারুনের স্ত্রী নাজমা বেগম গত ৫ অক্টোবর হত্যা মামলা করেন। ওই মামলায় শাওনকে আসামি করা হয়।