জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদকে ‘অব্যাহতি’ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। পাল্টা ব্যবস্থা হিসেবে জাপার চেয়ারম্যান পদ থেকে এরশাদকে ‘অপসারণের’ ঘোষণা দিয়েছেন কাজী জাফর।
গতকাল বৃহস্পতিবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে দুজন পরস্পরের বিরুদ্ধে এই পাল্টাপাল্টি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।
গতকাল বিকেল থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কাজী জাফরের ওপর বিশেষ সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। তাঁর সঙ্গে দর্শনার্থী ও সাংবাদিকদের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কাজী জাফর। রাত সাড়ে আটটার দিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে প্রায় অবরুদ্ধ অবস্থায় আছেন। যদি কোনো কারণে তাঁকে কারারুদ্ধ বা অন্য কোনোভাবে ‘নিয়তির দিকে’ ঠেলে দেওয়া হয়, তাহলে জাপার নেতা-কর্মীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
গতকাল বেলা একটার দিকে বারিধারার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘কাজী জাফরের বহিষ্কারপত্র একটু আগে সই করে এসেছি। তিনি আজ থেকে আমার দলে নেই।’
এরশাদ বলেন, ‘আমি তাঁকে (কাজী জাফর) স্নেহ করি, অনেক দিন আমার সঙ্গে আছেন, প্রধানমন্ত্রী করেছিলাম। তিনি হাসপাতালে আছেন, আমি দেখতে গিয়েছিলাম। কিন্তু আমার সমবেদনাকে তিনি দুর্বলতা ভেবেছেন। প্রতিদিন আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন। আমি ধৈর্যহারা হয়ে পড়েছি।’
এরপর বিকেলে এরশাদ এক বিবৃতিতে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, দলীয় নীতি-আদর্শ উপেক্ষা করে নেতা-কর্মীদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার দায়ে কাজী জাফর আহমদকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্রের ৩৯ ধারায় চেয়ারম্যানকে দেওয়া বিশেষ ক্ষমতাবলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অব্যাহতির খবর পেয়ে কাজী জাফর আহমদ পৃথক বিবৃতিতে দলের গঠনতন্ত্রের ৩৭ ধারা মোতাবেক দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে ‘অপসারণ’ করার ঘোষণা দেন। এতে এরশাদের বিরুদ্ধে জাতীয় পার্টির ঐক্য, সংহতি ও মর্যাদা বিনষ্ট করার অভিযোগ আনা হয়। বিবৃতিতে শিগগিরই জাপার বিশেষ সম্মেলন ডেকে চেয়ারম্যান পদ থেকে এরশাদকে অপসারণের বিষয়টি কার্যকর করা ও নতুন চেয়ারম্যান নির্বাচিত করার ঘোষণা দেন তিনি।
কাজী জাফর অভিযোগ করেন, এরশাদ জাপার গঠনতন্ত্রকে ‘এরশাদতন্ত্রে’ পরিণত করেছেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ইতিপূর্বে রওশন এরশাদকে চারবার ও তাঁকে তিনবার বহিষ্কার করেছেন। সম্প্রতি যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন ও আরিফ খানকে বহিষ্কার করেন। এরশাদ একক সিদ্ধান্তে তথাকথিত সর্বদলীয় সরকারে যোগদান করে এবং লজ্জাজনক আচরণ করে দলের ঐক্য ও সংহতিকে বিনষ্ট করেছেন।